রানার প্রতিবেদন : ইংরেজি ( English ) শিখতে গিয়ে সমস্যায় পড়েছেন এমন ব্যক্তিরা অ্যালকোহল ( Alcohal ) খেলে নাকি ভালো ইংরেজি বলতে পারেন। একথা জানিয়েছেন ব্ৰিটিশ গবেষকরা। তাঁরা জাৰ্মান ( German ) শিক্ষাৰ্থীদের ওপর গবেষণা শেষে কথাটি প্ৰকাশ করেছেন। মোট ৫০ জন জাৰ্মান শিক্ষাৰ্থীকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্ৰহণকারীরা নেদারল্যান্ড-জাৰ্মানি সীমান্ত সংলগ্ন মাসট্ৰিক্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষাৰ্থী এবং সবাই ইংরেজি শিখতে শুরু করেছেন।
এই ৫০ জনকে সমান দুই ভাগে ভাগ করা হয়। ইংরেজি বলার একটি পরীক্ষা নেওয়ার আগে অৰ্ধেক শিক্ষাৰ্থীকে সীমিত মাত্ৰায় অ্যালকোহল পান করানো হয়। আর বাকিদের অৰ্থাৎ ২৫ জনকে জল পান করানো হয়। পরে উভয় গ্রুপের অডিও রেকৰ্ড গবেষণার সঙ্গে যুক্ত নন এমন শিক্ষকদের পরীক্ষা করতে বলা হয়। এই শিক্ষকরা কেউ-ই অ্যালকোহল পান করানোর বিষয়ে অবগত ছিলেন না।
ফলাফল প্ৰকাশের আগে অ্যালকোহল পান করানো হয়েছে এমন শিক্ষাৰ্থীদের কাছে জানতে চাওয়া হয়, তাদের পরীক্ষা কেমন হয়েছে। উত্তরে বেশিরভাগই বলেছে, তাদের পরীক্ষা ভালো হয়নি। তবে ফলাফলে দেখা গিয়েছে, অ্যালকোহল পান করা শিক্ষাৰ্থীরা অন্য গ্রুপের তুলনায় অনেক বেশি নম্বর পেয়েছে। গবেষকরা বলেছেন, অ্যালকোহল পান করলে দ্বিতীয় ভাষা ভালো বলতে পারার কারণ হচ্ছে, এটি মানুষের নাৰ্ভাসনেস ও দ্বিধা কাটিয়ে তোলে।
সাধারণত মাতৃভাষা নয়, এমন ভাষায় কথা বলতে গেলে মানুষের মধ্যে নাৰ্ভাসনেস কাজ করে। তবে একইভাবে অ্যালকোহলের কারণে মস্তিষ্ক ক্ষতিগ্ৰস্ত হয়। বিশেষত স্মৃতি ও মনোযোগকে ক্ষতিগ্ৰস্ত করে। বাড়িয়ে দেয় অতি-আত্মবিশ্বাস। গবেষণাটি সম্প্ৰতি জাৰ্নাল অব সাইকোফাৰ্মাকোলোজিতে প্ৰকাশিত হয়েছে।
