Vaccine on Wheels : ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে টিকাকরনের নয়া অভিযান

|


নিজস্ব প্রতিনিধি, কলকাতা : করোনা ( Corona ) পরীক্ষায় খুব একটা আগ্রহ ছিল না বাজার-ব্যবসায়ীদের। কিন্তু টিকা নিতে বিপুল আগ্রহ শহরের বাজারে। যথেষ্ট সাড়া মিলেছে কলকাতা পুরসভার ( Kolkata Municipal Corporation ) উদ্যোগ ‘ভ্যাক্সিনেশন অন হুইলস'( Vaccination on Wheels )। তবে, পুরস্বাস্থ্যকেন্দ্রে গিয়েও দোকানদারদের ভ্যাকসিন নিতে আর্জি পুরকর্তাদের। আগামী এক মাসের জন্য বুক হয়ে গিয়েছে টিকা দানের জন্য নির্দিষ্ট দুটি বাস।

বাজার সমিতিগুলি থেকে ভুরিভুরি আবেদন আসছে কলকাতা পুরসভার ( KMC ) বাজার বিভাগের ( Market Department ) কাছে। গত ৩ জুন পোস্তা বাজার থেকে এই কর্মসূচির উদ্বোধন হয়। পুরসভার হিসেব বলছে, মাত্র আট দিন টিকা নিয়েছেন প্রায় ২৫০০(২৩৮২) জন। একটি শীততাপ নিয়ন্ত্রিত বাস দিয়ে কর্মসূচি শুরু হয়েছিল। ৫ জুন থেকে আরও একটি বাতানুকূল বাস চালু করা হয়। অর্থাৎ প্রতিদিন শহরের দুটি করে বাজারে ভ্যাকসিন দেওয়া হবে।

দিনে টার্গেট ৪০০ জনকে টিকা প্রদান। কলকাতা পুরসভার বাজার বিভাগ জানাচ্ছে, বিভিন্ন বাজার সমিতিকে অন্তত ৫ দিন আগে আবেদন করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে যাঁরা টিকা নেবেন, তাঁদের বয়সভিত্তিক তালিকা (১৮+ এবং ৪৫+) আলাদা ভাবে দিতে বলা হয়েছে। ১৯৭৬ সাল অব্দি যাঁরা জন্মেছেন, তাঁরা ৪৫ বছর বা বেশির তালিকায়। ১৯৭৭-২০০৩ সাল অব্দি যাঁরা জন্মেছেন, তাঁরা ১৮ বা তার বেশি বসয়ের তালিকায় থাকবেন।

এক শীর্ষ কর্তা বলেন, এই কর্মসূচি বেশ জনপ্রিয় হয়েছে। আগামী এক মাসের জন্য বাস ইতিমধ্যেই বুক। আরও আবেদন আসবে আশা করা যায়। কিন্তু এই কর্মসূচিতে শহরের সরকারি-বেসরকারি ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০০ বাজার কভার করতে গেলে দীর্ঘ সময় লাগবে। ইতিমধ্যেই সুপার স্প্রেডার গ্রুপে অনেক হকার-দোকানদাররা ভ্যাকসিন নিয়েছেন। সেভাবেই শহরের পুরস্বাস্থ্যকেন্দ্রে গিয়েও দোকানদারদের ভ্যাকসিন নিতে হবে।

দু’দিক একসঙ্গে চললেই দ্রুত সব বাজার-ব্যবসায়ীদের টিকাকরণ সম্পূর্ণ হবে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার নিজস্ব বাজারগুলিতে ৩০ হাজারের বেশি দোকানদার এবং ব্যবসায়ীদের টিকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই বাস পাঠিয়েও বিভিন্ন জায়গায় টিকাকরণ চলছে। যে বাজারগুলিতে টিকাকরণ সম্পূর্ণ হয়েছে সেগুলি হল পোস্তায় ৩১৪, মানিকতলা বাজারে ১৯১, কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে ১৯১, শিবরামপুর বাজারে ৮৭, বকুলতলা মার্কেট ১৩৭ জন, লেক রোড মার্কেট ৩৫৭, আশুবাবুর বাজারে ২৯০, ভোলানাথ বাজারে ১১০, কলেজ স্ট্রিট মার্কেট ৪১৬, বাঁশদ্রোণী কালিতলা বাজারে ১০০, এন্টালী মার্কেট ১৮৯ জন টিকা নিয়েছেন।

আরও পড়ুন