নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আর সপ্তাহখানেকের মধ্যেই খুলে দেওয়া হতে পারে শহরের উদ্যানগুলি ( Park )। গত প্রায় দুমাস ধরে বন্ধ পার্ক। তাই খুলে দেওয়ার আগে এখন ঝোপঝাড় পরিষ্কারের কাজে হাত লাগাচ্ছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। তাছাড়া, নাগরিক সমাজের বিভিন্ন স্তর থেকে অনুরোধের বন্যা। সেই কারণে এবার শহরের উদ্যানগুলি অন্তত সকালের দিকে কয়েক ঘণ্টা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা। কিন্তু এখনও বিধিনিষেধ আরোপ রয়েছে।
তাই, পুরোটাই রাজ্য সরকারের সবুজ সংকেতের উপর নির্ভর করছে। বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে। উদ্যান বিভাগ সূত্রের খবর, প্রাথমিক আলোচনা হয়েছে। চলতি সপ্তাহের শেষে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। শুধুমাত্র প্রাতঃভ্রমণকারীদের জন্যই সকালের দিকে ভোর ৫ টা থেকে ৮টা অব্দি খুলে দেওয়া হবে। গত বছরের মতো আপাতত তিন ঘণ্টার জন্য পার্ক খোলা হবে।
আপাতত সেই ভাবনা চিন্তা রয়েছে কলকাতা পুরসভার আধিকারিকদের। পরে ধাপে ধাপে পরিস্থিতির বুঝে খোলার সময়সূচী বাড়ানো হতে পারে। পুরকর্তাদের ব্যাখ্যা, আগামী ১৫ জুন পর্যন্ত ‘সাময়িক আত্মশাসন’ জারি রয়েছে। তারপর সম্ভবত রাজ্য সরকারের অনুমতি মিলতে পারে। সেখানে এই মাসের মাঝামাঝি সময় থেকে খুলে দেওয়া হতে পারে পার্ক। তার আগে পার্কগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেওয়া হবে। গত বছরও লকডাউনের সময় সাত মাস বন্ধ ছিল শহরের পার্ক।
তারপর নিয়মবিধি মেনে খুলে দেওয়া হয়। এবারও সম্ভবত সেই পথেই হাঁটবে পুরসভা। তার আগে ইতিমধ্যেই পার্ক গুলি পরিষ্কারের কাজ শুরু হয়েছে। প্রত্যেকটি বরো ভিত্তিক বিশেষ টিম তৈরি করে পার্কের মালিদের কাজে লাগানো হয়েছে। সেইসঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে যেখানে যেখানে লাইট নেই কিংবা অন্য কোনও খামতি দেখা যাচ্ছে সেগুলো মেরামত করা হচ্ছে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার উদ্যান বিভাগের ( Department of Horticulture ) দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে। অনেকেই সকালে মর্নিং ওয়াকের জন্য পার্ক খুলে দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কেএমডিএ ( Kolkata Metropolitan Development Authority ) রবীন্দ্র সরোবর বা সুভাষ সরোবর কবে খুলবে সেই বিষয়টি দেখে নিয়েই আমরা পুরসভার পার্কগুলি খুলে দেবো। তবে তার আগে পার্ক সাফাইয়ের কাজে হাত পড়েছে।
