Talk to KMC : যে কোনো সমস্যা সরাসরি জানান পুরকর্তাকে

|

#Talk to KMC : নাগরিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে এবার খোদ কলকাতার পুরসভার ( Kolkata Municipal Corporation ) কমিশনার নিজে সাক্ষাৎ করবেন। নির্দিষ্ট দিনে নাগরিকরা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিশনারের কাছে তাঁদের সমস্যা জানানোর সুযোগ পাবেন। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার বিনোদ কুমার ( Commissioner Binod Kumar )। নির্দেশিকা অনুযায়ী, প্রতি বুধ এবং শনিবার বিনোদ কুমার নাগরিকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন।

সময় সকাল ১১-১২টা। পাশাপাশি সম্পত্তি কর, রাজস্ব, লাইসেন্স, মার্কেট, পার্কিং সংক্রান্ত নানাবিধ প্রয়োজনে কথা বলা যাবে বিশেষ কমিশনার সোমনাথ দে’র সঙ্গেও। তাঁর ক্ষেত্রে নির্ধারিত সময় প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার ১১-১২টা। জুম অ্যাপ ( Zoom App ) ডাউনলোড করে বা গুগোলে গিয়ে ব্রাউস করে ভিডিও কনফারেন্স ( Video conferencing ) করা যাবে। দেওয়া হয়েছে নির্দিষ্ট আইডি নম্বর, ৮৩০০৩১৭৩৮২৯ এবং পাসওয়ার্ড ১১১১১১।

নির্দিষ্ট সময়ে জুমে গিয়ে এই আইডি নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সরাসরি ভিডিও কনফারেন্স করা যাবে। এই প্রসঙ্গে বিনোদ কুমার বলেন, প্রতিদিনই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে পুরসভায় অনেকে আসেন। বর্তমান পরিস্থিতি অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছেন না। তাই, মানুষের সমস্যা শুনতে সামনাসামনি বৈঠকের বদলে ভার্চুয়ালি বৈঠক হবে। এই উদ্যোগ বিজ্ঞাপন দিয়ে প্রচার করবে পুরসভা।

কলকাতা পুরসভার নিজস্ব ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে বিজ্ঞাপন দেওয়া হবে। এক্ষেত্রে কমিশনারের সঙ্গে কথা বলার পর কোনও নথি অনলাইনে পাঠাতে হলে নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠাতে হবে। ২০১৯ সালের মাঝামাঝি বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad hakim ) । শুরু হয় ‘টক টু মেয়র’ ( Talk to Mayor ), যা অধুনা নাম বদলে ‘টক টু কেএমসি’ ( Talk to KMC )। সেখানে নানা অভাব-অভিযোগ জানাতে পারেন শহরের নাগরিকরা।

এবার সেই কাজকে আরও ত্বরান্বিত করতে সরাসরি নাগরিক সমাজের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন পুরসভার দুই কমিশনার। ইতিমধ্যেই এই পরিষেবার জন্য দুই কমিশনারের ঘরে বিশেষ ভিডিও কনফারেন্স সিস্টেম বসানো হয়েছে। পুরো কথোপকথন যেন ভালোভাবে এগোতে পারে, তার জন্য বিশেষ ওয়াই-ফাই কানেকশন লাগানো হয়েছে।

আরও পড়ুন