প্রতিবেশীদের কাছে পেতে ফের ঝাঁপাবে তৃনমূল, দায়িত্ব পেয়েই তৎপর অভিষেক

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : হঠাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। রবিবার দুপুরে এই আকস্মিক ঘটনা রীতিমতো শোরগোল পড়ে যায়। সংবাদমাধ্যমের ভিড় জমে নাকতলা তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) বাড়িতে। দীর্ঘক্ষন নাকতলা দিয়েছিলেন অভিষেক। অভিষেক জানিয়েছেন, এটা নিখাদ সৌজন্য সাক্ষাৎ। দলের প্রবীণ এবং অভিজ্ঞ নেতা হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ নিতে তিনি এসেছিলেন।

পার্থবাবু নিজেও এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে ব্যক্ত করেছেন। শনিবার, দলের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের অন্যতম সর্বভারতীয় মুখ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। গুরুদায়িত্ব হাতে পেয়ে তিনি অভিভূত। টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার সারা দেশজুড়ে সংগঠন বিস্তারের সময় এসেছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল মনে করছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই দলের নতুন সাংগঠনিক ধাচা তৈরি করেছেন মমতা।

এবার সেই দায়িত্ব পেয়ে সরাসরি দলের প্রবীণ নেতাদের কাছে পরামর্শ নিতে ছুটলেন অভিষেক। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়। তৃণমূল সূত্র বলছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে সোজা বালিগঞ্জে রাজ্যের অপর বরিষ্ঠ মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক। সেখানে তাঁর বাড়িতেও দীর্ঘক্ষন ছিলেন তিনি। সুব্রত মুখোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েছেন তৃণমূলের এই যুব নেতা। তাঁর সঙ্গেও নানাবিধ আলোচনা করেছেন। পরামর্শ নিয়েছেন অভিষেক।

তৃণমূল কংগ্রেস সূত্র বলছে, আগামী মাস খানেকের মধ্যে দলের জেলা স্তরের সাংগঠনিক রদবদলের পর ভিন রাজ্যে নজর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মূল সেনাপতি হবেন অভিষেক। এর আগে ত্রিপুরা, আসাম, মনিপুর এই তিন রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। বিশেষ করে বাংলা ভাষাভাষীর রাজ্য হিসেবে পরিচিত আসাম এবং ত্রিপুরাতে তৃণমূলের কিছুটা রাজনৈতিক মাটি ছিল। পরে অবশ্য বিজেপির বাড়বাড়ন্ত হওয়ার ফলে সবটাই হারিয়ে যায়।

এখন যখন দেশজুড়ে নরেন্দ্র মোদি ( Narendra Modi ) সরকারের জনপ্রিয়তায় ভাটা দেখা দিয়েছে, তখন ফের বাংলা ভাষাভাষীর এই রাজ্যগুলিতে মন দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। ২০২৩ সালে ত্রিপুরাতে ( Tripura ) বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে নতুন করে ঘাসফুলের সংগঠন তৈরি করতে ঝাঁপিয়ে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি একটু ঠিকঠাক হলে তিনি ত্রিপুরা সফল করতে পারেন বলেই তৃণমূল কংগ্রেস ( TMC ) সূত্রে খবর।

পশ্চিমবঙ্গে দল শক্তপোক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয়েছে ‘বাঙালি প্রধানমন্ত্রী’র আবেগ। তাই শুধু এই রাজ্যের ৪২টি লোকসভা আসনের সীমাবদ্ধ থাকলে চলবে না। নজর দিতে হবে ভিন রাজ্যেও। তাই সেই সংগঠন বিস্তারের এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য।

আরও পড়ুন