নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রায় ৫০ দিন পর এক হাজারের নিচে নামল কলকাতার করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর ( Health Department ) যে বুলেটিন প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। গত ১০ এপ্রিল এই সংখ্যা ছিল ৩৯৯। তারপর সেটা ক্রমাগত বাড়তে থাকে।
৩০ এপ্রিল সেটা কার্যত ১০ গুণ বেড়ে দাঁড়ায়, ৩৯২৪ জন। ১৬ মে যেদিন লকডাউন শুরু হচ্ছে সেদিনও আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৫১ জন। ২০ মে সংক্রমণ কমতে শুরু করে। এক ধাক্কায় কিছুটা কমে ৩৪৬১ জন হয়। তারপর আজকে সংক্রমণ এক হাজারের নিচে নেমেছে। এই সংখ্যা কিছুটা স্বস্তি দিয়েছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষকে। দীর্ঘ প্রায় মাস দুয়েকের লড়াই।
একের পর এক খোলা হয়েছে সেফ হোম (Safe Home )। নিয়মিত চলেছে জীবাণুনাশক প্রক্রিয়া। অবশেষে মিলেছে সাফল্য। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) নিজের টিমকে বাহবা দিয়েছেন। তিনি বলেন, কলকাতা পুরসভা ভালো কাজ করেছে। বিভিন্ন বিভাগের কর্মচারীরা রাতদিন খেটেছেন।
জঞ্জাল সাফাই, জীবাণুনাশক প্রক্রিয়া সামলাতে কলকাতা পুরসভার স্থায়ী অস্থায়ী এবং ১০০ দিনের কর্মী মিলিয়ে প্রায় ২২০০০ লোক কাজ করেছে। সকলের মিলিত প্রচেষ্টায় এই সাফল্য। তবে সন্তুষ্ট হওয়ার জায়গা নেই বলেই মনে করেন তিনি।
ফিরহাদ বলেন, হাত পা ছড়িয়ে বসে থাকলে হবে না। এবার তৃতীয় ঢেউ সামলানোর প্রস্তুতি আগেভাগেই ছেড়ে রাখতে হবে। আরও সতর্ক থাকতে হবে। এবং সেটা নাগরিক সমাজের বড় দায়িত্ব রয়েছে।
