চলতি সপ্তাহেই শুরু হবে যুব প্রজন্মের টিকাকরণ

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ফের ১৮ বা তার বেশি বয়সীদের টিকাকরণ শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। প্রায় মাসখানেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণে যুবদের টিকাকরণ শুরু করা যায়নি। চলতি সপ্তাহেই সেই টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ।

শহরের কলকাতা পুরসভার ১৪৪টি স্বাস্থ্যকেন্দ্র এবং ১৬টি মেগা টিকাকেন্দ্র থেকে এই টিকাকরণ কর্মসূচি হবে। তবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে নাকি লাইনে দাঁড়িয়ে নেওয়া যাবে টিকা, তা অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি অতীন। চলতি সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। উল্লেখ্য, কলকাতা শহর রাজ্যের অন্যান্য মেট্রোপলিটন শহরের তুলনায় টিকাকরণ কর্মসূচিতে এগিয়ে।

প্রায় ৩৫ শতাংশ মানুষ কেউ দুটি ডোজ বা কেউ অন্তত একটি পেয়েছেন। ঠিক ছিল, ৫ মে থেকে ১৮ বছর এবং তার ঊর্ধ্বের নাগরিকের টিকাকরণ হবে। অতীন ঘোষ বলেন, সেই সময় পর্যাপ্ত টিকা হাতে ছিল না। কেন্দ্রীয় সরকার টিকার যোগান দিতে পারেনি। টিকা প্রস্তুতকারক সংস্থাকে রাজ্য ৩ কোটি টিকা অর্ডার দিলেও সর্বসাকুল্যে মিলেছে মাত্র ৪০ লক্ষ।

এই অবস্থায় অগ্রাধিকারের ভিত্তিতে সুপার স্প্রেডারদের টিকা দেওয়ার কাজ শুরু হয়। বিভিন্ন বাজারের দোকানদার-কর্মচারী, রূপান্তরকামী, পরিবহনকর্মী, মুটে-মজুররা রয়েছেন। কলকাতা শহরের তাঁদের প্রায় অর্ধেক অংশের টিকাকরণ সম্পন্ন হয়েছে। এবার তাই যুবক যুবতীদের টিকাকরণ শুরু করছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন