শহরে জলের যথেচ্ছ অপচয় ডেকে আনছে জলসঙ্কট

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বেহালা, বেলেঘাটা, ঢাকুরিয়া, কসবা, বাঁশদ্রনি, রানিকুঠি সহ শহরের বিভিন্ন অঞ্চল থেকে জলের সমস্যার অভিযোগ মাঝেমধ্যে আসে পুরসভার কন্ট্রোল রুমে। টক টু কর্পোরেশন অনুষ্ঠানে প্রতি সপ্তাহেই কমবেশি পানীয় জলের সমস্যার অভিযোগ মেলে। অভিযোগ অনুযায়ী পদক্ষেপও নেওয়া হয়।

এমনকি সম্প্রতি পুজোর আগে টালা ট্যাঙ্ক অঞ্চল থেকেও পানীয় জলের সমস্যার অভিযোগ এসেছিল। তড়িঘড়ি ব্যবস্থাও নেওয়া হয়। যেখানে জলের সমস্যা দেখা দেয় সেখানে পুরসভা জলের ট্যাঙ্ক পাঠিয়ে আপাতত সামাল দেয়। পুরকর্তৃপক্ষ বলছে, কন্ট্রোল রুমে জলের সমস্যা যে অভিযোগ আসে তার মধ্যে গড়িয়া, বেলেঘাটা, ঢাকুরিয়া, যাদবপুর, টালিগঞ্জ, মুকুন্দপুর, রানিকুঠি বাঁশদ্রোণী, ইএম বাইপাস থেকে বেশি অভিযোগ মেলে।

রানিকুঠী এলাকার এক বাসিন্দা জানাচ্ছেন, গত ১৫-২০ দিন ধরে জলের প্রভূত সমস্যা চলছে। বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে জলের গতি মন্থর। বোতলভর্তি হতে লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। উত্তর থেকে দক্ষিনে বিভিন্ন অঞ্চলের কাউন্সিলরদের যুক্তি, শহরের যে পাঁচটি জলাধার রয়েছে সেখান থেকে যত পরিমাণ জল উৎপাদিত হয় প্রতিদিনের জন্য তা যথেষ্ট।

কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে জল উৎপাদন সত্ত্বেও কেন জলের সমস্যা? পুরকর্তৃপক্ষ বলছে, মূল সমস্যা জলের অপচয়। এই সমস্যা উত্তর বা মধ্য কলকাতার থেকেও বেশি দক্ষিণ এবং সংযুক্ত কলকাতায় বেশি। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, গরমে জলের চাহিদা বেশি থাকে। যেখানে সমস্যার খবর পাওয়া যায় সেখানে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়।

সমস্যা হলে সাময়িকভাবে জলের ট্যাঙ্ক পাঠানো হয়। কিন্তু শহরবাসী একাংশ যেভাবে জল অপচয় করেন তা বন্ধ হলে এই সমস্যার সমাধান মিলবে বলেই মনে করেন তিনি। কলকাতার রাস্তায় প্রায় ১৮ হাজার স্ট্রিট ট্যাপ রয়েছে। খোলামুখ কাল থেকে শহরে প্রতিদিন ১৩.৫ মিলিয়ান গ্যালন জল নষ্ট হয়। কলকাতা পুরসভার টালা অঞ্চলের থেকে ১-৬ নম্বর ওয়ার্ডে জল অপচয় বন্ধ বাড়িতে মিটার বসানো হয়েছে।

পুরসভার কাছে নির্দিষ্ট কোনও তথ্য না থাকলেও পুর আধিকারিকেরা জানাচ্ছেন, মোটামুটি শহরে ২০-৩০ শতাংশ পরিস্রুত পানীয় জল প্রতিদিন নষ্ট হয়। শুধুমাত্র যে খোলামুখ কল থেকে জল নষ্ট হয় তেমনটা নয়, বিভিন্ন বাড়ির কল থেকেও প্রচুর পরিমাণে জল নষ্ট করা হয়। সেখানে নাগরিক সচেতনতা না হলে যত বেশি উৎপাদন বা সরবরাহ না কোন সমস্যা মিটবে না বলেই মনে করছেন পুর কর্তারা।

কলকাতা পুরসভার জলাধারগুলি থেকে প্রতিদিন ৪৫১.৭১ মিলিয়ন গ্যালন জল সরবরাহ হয়। ওয়াটগঞ্জ ৩.৭৮, ধাপা ২৩. ১৪, জোড়াবাগান ৪.৪৪, গার্ডেনরিচ ১৮৬.৩২, পলতা ২৪৩.০৩ (মিলিয়ন গ্যালন)

আরও পড়ুন