রানার ডেস্ক : দেশে কৃষকদের দুর্দশার ইতিহাস চিরকালীন। ভারতজুড়ে চলা কৃষক আন্দোলনের কারণও এই দুর্দশা। এর মধ্যেই ব্যতিক্রম হিসেবে শিরোনামে উঠে এসেছেন মহারাষ্ট্রের কৃষক জনার্দন ভইর। দুধ বেচতে পুরো হেলিকপ্টার কিনে ফেলেছেন তিনি । হ্যাঁ, শুনতে অবাক লাগছে বটে, কিন্তু বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। মহারাষ্ট্রে ভিওয়ান্ডি এলাকার বাসিন্দা জনার্দন ভইর দুধচাষি, বহুদিন ধরে দুধের ব্যবসা করেন।
দেশের বেশ কয়েকটি রাজ্যে তাঁর ব্যবসা ছড়িয়ে রয়েছে। নিজের কাজের জন্য প্রায়শ তাঁকে দেশের নানা জায়গায় যেতে হয়। আর এই কারণেই তিনি আস্ত একটি হেলিকপ্টারই কিনে নিয়েছেন। যার দাম প্রায় ৩০ কোটি টাকা। এখন থেকে নাকি ওই হেলিকপ্টারে চেপেই ব্যবসাকে আরও ছড়িয়ে দেবেন তিনি। এর মধ্যেই নিজের বাড়ির পাশে একটি হেলিপ্যাডও বানিয়ে ফেলেছেন জনার্দনবাবু।
পাশাপাশি, পাইলট রুম, টেকনিশিয়ান রুমও বানিয়েছেন তিনি। তাঁর ২.৫ একর জমি আছে, যেখানে হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে বলে জানান তিনি। পেট চালাতে দুধ বেচতেন জনার্দন ভইর। কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই দুধের ব্যবসাকে আজ এমন পর্যায়ে নিয়ে গেছেন যে তিনি এখন শত কোটি টাকার মালিক।
এই বিষয়ে তিনি বলেন, ‘ আমার পসার বেড়েছে। দুধের ব্যবসার জন্য এখন আমাকে প্রায়ই পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটের মতো একাধিক রাজ্যে সফর করতে হয়। তাই হেলিকপ্টার না কিনে উপায় ছিল না। ১৫ মার্চ হেলিকপ্টারটি পাকাপাকিভাবে হাতে পাব।‘ প্রায় ১০০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে জনার্দন ভইরের। কৃষিকাজের পাশাপাশি দুধচাষি হিসেবেও সফল তিনি।
ভিওয়ান্ডি এলাকায় বেশ কয়েকটি গুদামও রয়েছে তাঁর। দেশের বেশ কয়েকটি অত্যন্ত বড় মাপের বাণিজ্যিক সংস্থাকে সেগুলি ভাড়া দিয়ে থাকেন তিনি। সেখান থেকেও মোটা অঙ্কের আয় হয় জনার্দনের। তাছাড়া নিজের এলাকায় যথেষ্ট সামাজিক প্রতিপত্তিও রয়েছে তাঁর।ট্রায়ালের জন্য হেলিকপ্টারটি গ্রামে এসেছিল। তখন গ্রামের পঞ্চায়েত সদস্যদের সেটিতে চাপিয়ে বেশ কিছুক্ষণ আকাশে ঘুরিয়ে আনেন জনার্দন।
