রানার ডেস্ক : বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবন্ধকতা চাপানো হয়েছে বেচা-কেনার ওপরেও। এনিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে। সেই বিতর্কে এবার নতুন সংযোজন বিজেপি শাসিত রাজ্য অসম। ভোট চলাকালীন এনিয়ে প্রচুর প্রতিশ্রুতি প্রস্তাব জনসভায় সামনে এনেছিল বিজেপি। এমনকি কি বিষয়টি নিয়ে বেশ কিছু নেতা সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করেও বক্তব্য রাখেন।
বাদ যাননি হিমন্ত বিশ্ব শর্মা, বর্তমানে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিযোগের প্রেক্ষিতে সাময়িক তার মুখ বন্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই আবার মাথাচাড়া দিয়েছে গো বিতর্ক। এবার তাতে শামিল হলেন স্বয়ং রাজ্যপাল জগদীশ মুখী। তিনি প্রকাশ্যেই ভাষণ দিতে গিয়ে বলেছেন,” আমাদের সরকার এরাজ্যের গরু,বাইরে যাওয়া আটকাতে আইন তৈরি করবে।”
বিজেপি সূত্রের খবর আগামী বিধানসভা অধিবেশনেই গরু সংক্রান্ত বিষয়ে একটি বিল আনবে রাজ্য সরকার। সরকার কি চাইছে সেটা বিভিন্নভাবে প্রকাশ্যেই জানিয়ে দিতে শুরু করেছেন বিজেপি’র নেতা-মন্ত্রীরা। স্বয়ং মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলেছেন, হিন্দুদের ধর্মীয় স্থানের আশেপাশে গরু কাটা কিংবা খাওয়া হোক, এটা তাঁর একদম পছন্দ না।
মাদ্রাসা নিয়ে হিমন্ত’র বক্তব্যে ইতিমধ্যে বিতর্ক চলছে রাজ্য জুড়ে। তিনি সাফ জানিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে যত মাদ্রাসা আর্থিক সহায়তা পায়, সেই সমস্ত মাদ্রাসাকে স্কুল বোর্ডের আওতায় এনে তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে।
সরকারি টাকায় ধর্মীয় শিক্ষার পক্ষপাতী নন তিনি, সাফ জানিয়েছেন হিমন্ত। মাদ্রাসা বিতর্কে এবার যুক্ত হলো গো বিতর্ক। এই বিতর্কে এক কদম এগিয়ে দুই বিজেপি বিধায়ক মৃনাল শইকিয়া এবং জয়ন্তমল্ল বড়ুয়ার মন্তব্য, অসমের বিজেপি সরকারের মূল লক্ষ রাজ্যে গরু বেচা-কেনা এবং হত্যা নিষিদ্ধ করে দেওয়া।
