শনিবার থেকে ফের ৪৫ ঊর্ধ্বদের করোনা টিকার প্রথম ডোজ

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ফের কলকাতায় শুরু হচ্ছে ৪৫ বা তার ওপরের বয়সীদের টিকাকরণ কর্মসূচি। এতদিন দ্বিতীয় ডোজ শুধু দিচ্ছিল কলকাতা পুরসভা। আগামীকাল শনিবার থেকে আবারও করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। তেমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা বিধায়ক অতীন ঘোষ।

সম্প্রতি স্বাস্থ্য ভবনের থেকে এই অনুমতি আদায় করেছেন কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার। যিনি নিজেও করোনা সংক্রান্ত স্বাস্থ্য ভবনের বিশেষ কমিটিতে রয়েছেন। অতীন বলেন, শুধুমাত্র কোভিশিল্ড দেওয়া শুরু হচ্ছে। ১০২টি পুর স্বাস্থ্যকেন্দ্রে ফের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হবে। বর্তমানে এই টিকাকরণ কেন্দ্রগুলিতে সুপার স্প্রেডারদের টিকা দেওয়া হচ্ছে।

এবার দুপুর ১টা পর্যন্ত তাঁদের টিকা দেওয়া হবে। তারপর ২টো থেকে ৪৫ বছর বা তার ঊর্ধের নাগরিককে প্রথম ডোজ দেওয়া হবে। কিন্তু যে কেউ এসে লাইনে দাঁড়ালেই হবে না। কলকাতা পুরসভা টিকা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে নতুন হোয়াটসঅ্যাপ নম্বর (৮৩৩৫৯৯৯০০০) চালু করেছে।

সেখানে আগে থেকে নাম নথিভুক্ত করে নির্দিষ্ট সময়ে টিকা নিতে আসতে হবে। আজ, শুক্রবার বেলা ১১ টা থেকে থেকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নাম নথিভুক্ত করা শুরু হয়েছে। কিন্তু কলকাতায় চালু হলেও গোটা রাজ্যে আবার কবে প্রথম ডোজ শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু, কলকাতা পুরসভা অবশ্য কোভ্যাকসিনের প্রথম কবে দেওয়া হবে সেটা কিছু স্পষ্ট করেনি।

আরও পড়ুন