রানার ডেস্ক : নারদ মামলায় ধৃত মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ জামিন মঞ্জুর করলেও এখন শুনানি চলছে, কোন কোন শর্তে তাদের এই জামিন দেওয়া হবে।
গত ১৭ মে নারদ মামলায় অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করে সিবিআই। সেদিন বিকেলেই সিবিআই আদালত এই চারজনের জামিনের আবেদন মঞ্জুর করে। কিন্তু সেদিন রাতেই হাইকোর্টে জামিনের বিরোধিতা করে ধৃতদের জামিনের আদেশ বাতিলের আবেদন করে সিবিআই। হাইকোর্টে জামিনের নির্দেশ বাতিল হয়ে যায়।
চারজনকে নিয়ে যাওয়া হয় প্রেসিসেন্সি জেল হাজতে। পরদিন ফিরহাদ বাদে বাকি তিনজন অসুস্থ হয়ে পড়েন এবং তারা এসে ভর্তি হন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। অভিযুক্তদের পক্ষে ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন করা হয়। ডিভিশন বেঞ্চে দুই বিচারপতির মতানৈক্য হওয়ায় এই মামলার শুনানির সিধান্ত হয় পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চে। ঠিক হয়, বৃহত্তর বেঞ্চের রায় আসা পর্যন্ত অভিযুক্তরা গৃহবন্দি থাকবেন।
ফিরহাদ জেলেই ছিলেন, তিনি পত্রপাঠ বাড়ি চলে যান। শোভন জেদ করে ব্যক্তিগত মুচলেখা দিয়ে বাড়ি চলে যান। হাসপাতলে থেকে যান সুব্রত এবং মদন। ইতিমধ্যে সিবিআই ধৃতদের হেফাজতে চেয়ে আবেদন করে সুপ্রিম কোর্টে। কিন্তু আবেদনে ভুল থাকায় সেই মামলা ঝুলে যায়, আবেদন প্রত্যাহার করে নেয় সিবিআই।
আরও পড়ুন : রহস্য ঘেরা দ্বীপ, যেখানে কেউ গেলে আর ফিরে আসে না
গতকাল কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চে সিবিআই অভিযুক্তদের জামিনের বিরোধীতা করে। একইসঙ্গে এই মামলাকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ তোলে তারা। উদ্দেশ্যে, অভিযুক্তদের বাইরে রাজ্যে নিয়ে গিয়ে মামলার নিষ্পত্তি করা। আজ দুপুরে ফের শুনানি শুরু হয়। আদালত জামিনের আবেদন মঞ্জুর করে জানায় এটি অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হলো।
