নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কেউ ষাটোর্ধ্ব, কেউবা মধ্যবয়স্ক মহিলা বা পুরুষ, কেউ আবার আশি ছুঁই ছুঁই। সকলেই কোভিড-১৯ জয়ী। মারণ রোগের সঙ্গে লড়াই করে ফিরে আসা সমাজের মূলস্রোতে। তাঁদের অভিজ্ঞতাই এবার ক্যামেরাবন্দি হচ্ছে। উদ্যোগী কলকাতা পুরসভা। সেই ভিডিও প্রচারের কাজে লাগানো হবে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম জানিয়েছেন, উদ্দেশ্য একটাই।
মানুষের মধ্যে আতঙ্ক দূর করে মনোবল বাড়ানো। বিভিন্ন জায়গায় করোনা জয়ীদের সেই বক্তব্যই প্রচারের কাজে লাগানো হবে। সরকারি হাসপাতালে তাঁরা কী ধরনের পরিষেবা পেয়েছেন, করোনা হলে কী করা উচিত, সে সবই বলবেন তাঁরা। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, শহরের বিভিন্ন প্রান্তের সুস্থ হয়ে বাড়ি ফেরা ১০-১২ জন মানুষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। ভিডিও তৈরির কাজ চলছে।
সব মিলিয়ে ৫-৭ মিনিটের তথ্যচিত্র তৈরির প্রাথমিক পরিকল্পনা রয়েছে। যদিও প্রয়োজনে সেই সময়সীমা বাড়ানো হতে পারে। আগামী দিন দশেকের মধ্যেই কাজ শেষ করে ফেলতে চাইছে কলকাতা পুরসভা। বিভিন্ন বহুতল আবাসন, বস্তি এলাকা, বাজার – সর্বত্র পোস্টার লাগানো হয়েছে। চলছে মাইকিং। কিন্তু তাও হুশ ফিরছে না জনতার। সঙ্গে রয়েছে অহেতুক আতঙ্ক। নানা ধরনের ভুলভ্রান্তি।
সেটা দূর করতে এবার করোনা জয়ীদের বক্তব্যকেই কাজে লাগানো হবে। শহরের প্রতিটি বরোয় বিভিন্ন বাজার, আবাসন এবং বস্তি অঞ্চলে এলইডি স্ক্রিন লাগানো গাড়ি ঘুরে ঘুরে সেই তথ্যচিত্র দেখাবে। এর আগে পুরসভার উন্নয়নমূলক কাজের ভিডিও প্রচার হয়েছে। ঠিক সেভাবেই কোভিড জয়ীদের অভিজ্ঞতা জনমানুষের তুলে ধরতে চায় কলকাতা পুরসভা।
পাশাপাশি, রাজ্য সরকারি কোভিড হাসপাতালের পরিকাঠামো কতটা উন্নত, সেটাও এই ভিডিওর মাধ্যমে প্রচার করা হবে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসা মানুষেরা ব্যবস্থাপনা নিয়ে কতটা সন্তুষ্ট সেটাই জানাবেন তাঁদের অভিজ্ঞতায়। যার মাধ্যমে বিরোধীদের নেতিবাচক প্রচারও ভোঁতা করে দেওয়া যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
