নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরে বহুতল নির্মাণের ক্ষেত্রে বেনিয়ম রুখতে তৎপর কলকাতা পুরসভা। আরও কড়া নিয়ম-বিধির ভাবনা চিন্তা চলছে। সম্প্রতি একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। খসড়া তৈরি করে প্রশাসক বোর্ডের সামনে দেওয়া হবে। সীলমোহর মেলে নতুন নীতি চালু করবে কলকাতা পুরসভা। কী থাকছে নতুন নিয়মে?
বিল্ডিং বিভাগ সূত্রে খবর, বহুতল নির্মাণের ক্ষেত্রে নকশা অনুমোদন করার পরেও একটি করে ফ্লোর বা তলা তোলার পরে কলকাতা পুরসভার থেকে একটি করে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিতে হবে নির্মাণকারীকে। তবেই বাকি নির্মাণকাজ ফের করতে পারবেন তিনি। পুর ও নগর উন্নয়ন দপ্তরে ‘ রুল ‘ বদলের জন্য ফাইল পাঠানো হবে।
সেখান থেকে শিলমোহর মিললেই নয়া নিয়ম লাগু হবে করবে কলকাতা পুরসভা। বর্তমান সময়ে বেআইনি নির্মাণের অভিযোগ এলে সাব অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার(এসএই) গিয়ে নির্মাণ স্থল পরিদর্শন করেন। তারপর বেআইনি বুঝলে কাজ বন্ধ রাখার নোটিশ লাগিয়ে দেন। সেই সঙ্গে তার এক কপি স্থানীয় থানায় ও উচ্চপদস্থ পুর – কর্তাকে পাঠিয়ে দেন।
এরপর ওই নির্মাণকাজ রেগুলারাইজ না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকে। তবে, তবে সম্প্রতি পুরসভার কাছে এমন অভিযোগ এসেছে যে এই ধরনের নোটিশ দেওয়ার পরেও স্থানীয় থানা ঠিকঠাক নজরদারি না করায় ফের নির্মাণ হচ্ছে। বারবার এই ধরনের সমস্যায় ইতি টানতে এবার আরও কড়া বিধি নিয়ে আসতে চাইছেন ফিরহাদ। বর্তমানে কি সেই ধরনের নজরদারির নেই?
এক পুর-কর্তা লোকবলের সমস্যার কথা স্বীকার করেছেন। ফলে সঠিকভাবে নজরদারি সব সময় হয় না। তার ওপর নানা ধরনের রাজনৈতিক এবং প্রশাসনিক কারসাজিও থাকে বলে অভিযোগ রয়েছে। পুরসভা সূত্রে খবর, দুটি ওয়ার্ড পিছু একজন করে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং কয়েকটি ওয়ার্ড মিলিয়ে একজন করে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকার কথা।
কিন্তু দুই ক্ষেত্রেই প্রায় ৩০-৫০ শতাংশ পদে লোক নেই। তবে, নতুন নিয়ম লাগু হলে নির্মাণের ক্ষেত্রে কিছুটা খরচ হয়তো বাড়বে। কিন্তু শহরে বেআইনি নির্মাণ ঠেকাতে এই পদক্ষেপ অনেকটাই কার্যকারী হবে বলে আশাবাদী কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।
