নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরে নভেল করোনা ভাইরাসের অ্যান্টিবডি খুঁজতে নিজস্ব ল্যাবরেটরি তৈরি করছে কলকাতা পুরসভা। শহরবাসীর দেহে গত এক বছরে কতটা অ্যান্টিবডি তৈরি হল, তা বুঝতেই এই সিদ্ধান্ত। এর পাশাপাশি কলকাতা পুরসভা সোয়াব টেস্টের জন্য নিজস্ব ল্যাবরটরি বানাতে চায়। তার জন্য প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে।
কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা বিধায়ক অতীন ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যেই পুরসভা স্থান নির্বাচন এবং ল্যাবরেটরির ড্রয়িং ও ডিজাইনের কাজ করছে। আগামী দু- তিন মাসের মধ্যে নিজস্ব অ্যান্টিবডি টেস্টের পরিকাঠামো গড়ে তুলতে চায় কলকাতা পুরসভা। যার জন্য এই ধরনের ল্যাবরেটরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।
প্রথমে অ্যান্টিবডি টেস্টের পরিকাঠামো এবং পরবর্তী সময়ে আইসিএমআর এবং রাজ্য সরকারের অনুমতি মিললে সেখানে সোয়াব বা লালারসের টেস্টের পরিকাঠামো গড়ে তুলবে কলকাতা পুরসভা। সেক্ষেত্রে অন্যান্য সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের দৌলতেই এই ধরনের টেস্ট আরও বেশি করে করানো যাবে।
ইতিমধ্যেই শহরের ১৬টি ওয়ার্ড পিছু ৪০ জন এবং আরও ৫টি ওয়ার্ড যেগুলি দীর্ঘদিন ধরে সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত, সেখান থেকে ১০০ জনকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করে অ্যান্টিবডি টেস্ট শেষ হয়েছে।
এবার জোন ভিত্তিক টেস্ট করানো হবে। সব ওয়ার্ড থেকে রিপোর্ট নেওয়া হয়েছে। শহর কলকাতায় কোথায় কত হার্ড ইমিউনিটি মানুষের শরীরে রয়েছে কিংবা তৈরি হয়েছে, তা দেখতেই এই টেস্ট করা হচ্ছে। আগামী দিনে আরও মাইক্রো প্ল্যানিং করে এই ধরনের অ্যান্টিবডি টেস্ট করা হবে।
