নিউজ ডেস্ক, কলকাতা : টালা ট্যাঙ্ক বাঁচাতে অভিনব কৌশল নিল কলকাতা পুরসভা। ঘূর্ণিঝড় যশের অভিঘাত যেন শতাব্দী প্রাচীন এই জলের ট্যাঙ্ক সইতে পারে তার জন্য বিশেষ পদক্ষেপ করা হয়েছে। গতবার আমফানের সময় যে পদ্ধতিতে এই ট্যাঙ্ক অবিকৃত রাখা হয়েছিল ঠিক সেই কৌশল নিয়েছে কলকাতা পুরসভা।
১১০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা ৯০ লক্ষ গ্যালন। উত্তর কলকাতায় অবস্থিত ১৬ ফুট গভীর এই ট্যাঙ্কে পরিশোধিত জল আসে পলতা্র গঙ্গা থেকে। পলতার শোধনাগার থেকে ৬টি নলের সাহায্যে প্রায় ২২ কিলোমিটার পথ পেরিয়ে জমা হয় টালার নীচের জলাধারে। সেখান থেকে জল তুলে দেওয়া হয় উপরের ট্যাঙ্কে।

পরে তা ভূগর্ভস্থ নলের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় শহরের বিভিন্ন এলাকায়। হাইড্রোলিক পদ্ধতিতে একদিকে জলভরা এবং জল সরবরাহ করা হয়। সম্প্রতি ঘূর্ণিঝড় নিয়ে বৈঠকে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম পানীয় জল সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে বাড়তি সতর্ক থাকতে বলেছেন।
কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের ডেপুটি ডিজি অমিতাভ পাল টালা ট্যাঙ্ক দেখভাল করেন।স্বাভাবিক সময় তিন ফুট জল থাকে এই ট্যাংকে। কিন্তু, গতবারের মতো এবারও ঝড়ের ঝাপটা থেকে বাঁচতে আট ফুটের বেশি জল রাখা থাকবে। অর্থাৎ প্রায় ৮০ লক্ষ গ্যালন জল সমেত ৮৫ হাজার মেট্রিকটন ওজন হয়ে যাবে এই ট্যাংকের।
যার ফলে ঝড়ের ধাক্কা তাকে হেলাতে পারবে না। আলগা করে রাখা হয়েছে নির্মাণ কাজে ব্যবহৃত বড় ক্রেন। যাতে ঝড়ের অভিমুখে যে কোনও দিকে ঘুরতে পারে। অমিতাভ পাল বলেন, গতবছর যে পদক্ষেপ নেয়া হয়েছিল এ বছরও একই রকম পদক্ষেপ নিয়ে রাখা হচ্ছে। আশা করা যায় আমরা সাফল্য পাব।
