নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহর কলকাতার বিভিন্ন জায়গায় কেবল তারের জঞ্জাল। পরিত্যক্ত তার এদিকে ওদিকে গুচ্ছ হয়ে পড়ে থাকছে। তাই, শহরকে তারের জটমুক্ত করতে সক্রিয় পুরসভা। সিইএসসি, টেলিকম সংস্থা এবং কেবল অপারেটরদের সঙ্গে ফের বৈঠকে করেছেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য দেবাশিস কুমার।
বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আগে পরিত্যক্ত তার ফেলে রাখা যাবে না। আগামী কয়েক দিনের মধ্যে যতটা সম্ভব পরিত্যক্ত তার সরিয়ে ফেলতে হবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় উম-পুনের পর তারের জট সামলাতে নাজেহাল হয়েছিল পুরসভা। দেবাশিস কুমার জানিয়েছেন, চেষ্টা হচ্ছে আগামী দিনে মাটির তলা দিয়ে তার নিয়ে যাওয়ার। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে।
সেক্ষেত্রে পুরসভা কী ধরনের সহযোগিতা করতে পারে সেই বিষয়ে জানাতে বলেছি আমরা। প্রসঙ্গত, শহর কলকাতায় কিছু এলাকায় বিদ্যুতের তার মাটির নিচে থাকলেও, কলকাতার প্রাণকেন্দ্র সহ বিস্তীর্ণ এলাকা এখনো কুৎসিত তারের জঞ্জাল। পাশাপাশি, শহরের সর্বত্র ইন্টারনেট পরিষেবা এবং টিভি কেবলের সংযোগ পুরোটাই মাটির উপরে।
সেক্ষেত্রে তাদের জটে দৃশ্য দূষণ হচ্ছে। ইতিমধ্যে, তারের জটের জেরে পার্ক সার্কাসে দুর্ঘটনাও ঘটেছে। গত বছর ঘূর্ণিঝড়ের পর শহরের সর্বত্র ভেঙেপড়া গাছ কাটতে গিয়ে তারের জটের জেরে সমস্যার মধ্যে পড়তে হয়েছে পুর-কর্মীদের।সেই সমস্যা দূর করতে এবার কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরসভা।
যাতে আগামীর ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামলাতে লেজে গোবরে না হতে হয় পুর-কর্মীদের। যদিও কেবল অপারেটরদের দাবি, এই মুহূর্তে তাদের আর্থিক পরিস্থিতি ভালো নয়। তাই, তড়িঘড়ি মাটির তলা দিয়ে তার নিয়ে যাওয়ার কাজ করা সম্ভব নয়। তবে পরিত্যক্ত তার সরিয়ে ফেলে মোটামুটি প্রাথমিক সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা।
