মুখ পুড়িয়েছিল আমফন, ঘাড়ে যশের আতঙ্ক, গৃহবন্দি ফিরহাদের ভার্চুয়াল তৎপরতা

|

রানার ডেস্ক : গৃহবন্দি থেকেই কলকাতায় ঘূর্ণিঝড় যশ ও করোনা মোকাবিলা নিয়ে ভার্চুয়াল বৈঠক সারলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পুরসভার আধিকারিকদের করোনা পরিস্থিতি নিয়ে আরও বেশি তৎপর হতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ। ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় আগেভাগে সতর্কতামূলক সবরকম ব্যবস্থা নিক পুরসভার কর্তারা, বার্তা ও দিলেন ফিরহাদ হাকিম।

কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত গৃহবন্দিই থাকতে হবে নারদ মামলায় গ্রেফতার হওয়া ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়দের। তবে গৃহবন্দি থাকলেও বাড়িতে থেকে ভার্চুয়ালি কাজ করতে পারবেন এই চার হেভিওয়েট নেতা-মন্ত্রী। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার সকালে বাড়ি থেকে ভিডিও কনফারেন্সে বৈঠক সারেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

ভার্চুয়ালি এই বৈঠকে এদিন কলকাতা পুরসভার কমিশনার, মুখ্য স্বাস্থ্যআধিকারিক যুগ্ম সচিব পর্যায়ের অফিসাররা যোগ দিয়েছিলেন। বৈঠকে পুরসভার বেশ কয়েকজন চিকিৎসকও উপস্থিত ছিলেন। এদিন শহর কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা সারেন ফিরহাদ হাকিম।

সংক্রমিতদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি কলকাতায় টিকাকরণে আরও বেশি জোর দেওয়ার কথা বলেছেন ফিরহাদ হাকিম। এছাড়া ও ঘূর্ণিঝড় যশের মোকাবিলা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় আধিকারিকদের আগেভাগে প্রয়োজনীয় সবরকম সতর্কতা মূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম বলেই জানা গেছে।

আরও পড়ুন