অবহেলার জেরে আধুনিক বাসস্টপ গুলি এখন বসার অযোগ্য

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রিন্স আনোয়ার শা মোড়ের টালিগঞ্জ ফাঁড়ির বাস স্টপেজটির ভাঙাচোরা অবস্থা। উল্টোডাঙা হাডকো মোড়ে বাতানুকূল বাস স্টপটিরও হাল খারাপ। গায়েব হয়ে গিয়েছে বাতানুকূল যন্ত্র। নোনাপুকুর ট্রাম ডিপোর ঠিক পাশেই বাস স্টপেজ। পরিবর্তনের পর নতুন করে সেজে উঠেছিল। কিন্তু দীর্ঘকালের অযত্নে ভবঘুরেদের আস্তানায় পরিণত হয়েছে ভাঙাচোরা বাসস্টপেজটি।

এভাবেই কোথাও ভাঙা কিংবা উধাও হয়ে যাওয়া শেড। কোথাও আবার যার অর্থানুকুল্যে সেটি তৈরি হয়েছে, সেই নামের স্টিলের অক্ষরগুলি গায়েব । কোনও স্টপেজে উধাও হয়ে গেছে লাগানো স্টিলের চেয়ার। সৌন্দর্য বর্ধনকারী বাস স্টপেজগুলির বেশিরভাগেরই এমনই হাল। এবার সেগুলির সংস্কারের কাজে হাত দিতে চলেছে কলকাতা পুরসভা।

২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুযায়ী শহরের শোভা বাড়াতে বাস স্টপগুলির সৌন্দর্যায়নে হাত লাগানো হয়। সাংসদ কিংবা বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় একে একে নতুন রূপ পায় বাস স্টপগুলি। কিন্তু বিগত কয়েক বছরে নিয়মিতভাবে সেগুলিকে দেখভাল করা হয়নি। যার জেরে স্টপেজগুলির হাল বেহাল হয়েছে।

তার উপর গত বছর ঘূর্ণিঝড়ের জেরেও গাছ পড়ে বিভিন্ন জায়গায় সেগুলি ভেঙে গিয়েছে। ফলে এবার শহরের সেই বাস টপেজগুলিকে আবার নতুন করে গড়ে তুলতে তৎপর পুরসভা। পুরসভার বিজ্ঞাপন বিভাগের আওতায় কিছু বাস স্টপ দেখভালের দায়িত্ব রয়েছে। আবার সিভিল বিভাগ কিছু দেখভাল করে।

মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের নির্দেশে গত কয়েকদিন ধরে শহরের বাস স্টপগুলির সমীক্ষা শুরু হয়েছে। প্রশাসক মণ্ডলীর এক সদস্য জানিয়েছেন, বাস স্টপগুলির কি অবস্থা, কি ধরনের সংস্কার প্রয়োজন, তার তালিকা তৈরি করতে বলা হয়েছে। আগামী মাস দেড়েকের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ করে ফেলা হবে বলে জানিয়েছেন শীর্ষ আধিকারিক। শহরের বুকে এমন ৩৪২টি বাস স্টপ রয়েছে।

আরও পড়ুন