উন্নত নিকাশির স্বার্থে এবার মাটির নিচে মানচিত্র

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের নিকাশি ব্যবস্থার ডিজিটাল মানচিত্র তৈরি করছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে ১৩টি ওয়ার্ডের মানচিত্র তৈরির কাজ। আগামী দিনে প্রাথমিকভাবে কলকাতা পুরসভার আরও ৩৭টি ওয়ার্ডের নিকাশির ডিজিটাল মানচিত্র তৈরি হবে। পরবর্তী সময়ে বাকি ওয়ার্ডগুলিরও নিকাশি ডিজিটাল মানচিত্র তৈরি করবে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার নিকাশি বিভাগের তরফে জানানো হয়েছে, আপাতত ১৩টি অতি জল জমাপ্রবণ ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ মানচিত্র তৈরি করা হয়েছে। সেগুলি হল ৭৫, ৭৬, ৫৮, ৮৫, ৮৬, ৮৩, ৮৪, ৭৭, ৭৮, ৬১, ৬২, ৩৮, ৩৯। এরমধ্যে বন্দর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন ওয়ার্ড যেমন রয়েছে, তেমনি উত্তর কলকাতার জল জমা প্রবণ বেশ কয়েকটি ওয়ার্ডও রয়েছে।

কলকাতা পুরসভারর আধিকারিকদের ব্যাখ্যা, আগামী দিনে এই মানচিত্র তৈরি থাকলে ওয়েবসাইট থেকে আমজনতাও সেটা দেখতে পারবে। ভবিষ্যতের মাটির তলায় কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। সেই সঙ্গে ভূগর্ভস্থ নিকাশি নালার কোনও সমস্যা দেখা দিলে বা নতুন কিছু কাজ করতে গেলে এই মানচিত্র হাতে থাকলে যাবতীয় তথ্য খুব সহজেই পাওয়া যাবে।

আগামী দিনে এই মানচিত্রে প্রযুক্তিগত আপডেট করে কোনও এলাকায় জল জমেছে কিনা বা কোথাও পলি জমে থাকলে তা বিভিন্ন রংয়ের মাধ্যমে যেন বোঝা যায়, তেমন ব্যবস্থা করারও ভাবনা-চিন্তা করছে কর্তৃপক্ষ। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত তারক সিং বলেন, সেখানকার ভূগর্ভস্থ প্রতিটি নালার দৈর্ঘ্য, প্রস্থ থাকবে মানচিত্রে।

এছাড়া একটি ওয়ার্ডে কোন কোন রাস্তায় কতগুলি কী ধরনের নালা রয়েছে সেটাও থাকবে। জায়গায় জল জমার সমস্যা বেশি, ডিজিটাল মানচিত্রে উল্লেখ থাকবে তারও। বছর খানেকের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল মানচিত্র তৈরির কাজ করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন