নিজস্ব প্রতিনিধি, কলকাতা : নতুন করে ২০০ জন শিক্ষক নিয়োগ করছে কলকাতা পুরসভা। মিউনিসিপাল সার্ভিস কমিশন মারফত নিয়োগ হচ্ছে। সম্প্রতি সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। লক্ষ্য, কলকাতা পুরসভার আরও বেশ কিছু ইংরেজি মিডিয়াম স্কুল খোলা। যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে গত বছর করোনা এবং লকডাউনের জেরে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এই প্রসঙ্গে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, অনেকদিন ধরে এই প্রক্রিয়া আটকে ছিল। মূলত নতুন ইংরেজি মিডিয়াম স্কুল চালানোর জন্য এই নিয়োগ হচ্ছে। বর্তমানে কলকাতা পুরসভার নিজস্ব ২৬৩টি স্কুল এবং আরও ১০২টি এসএসকে চলছে শহরে। পুরসভার স্কুলের পড়ুয়া সংখ্যা প্রায় ২৭ হাজার।
শিক্ষক রয়েছেন ৫৮২ জন। এছাড়াও এসএসকেগুলিতে ২০৪ জন অ্যাসিস্ট্যান্ট এবং দুজন ইন্সপেক্টর রয়েছেন। আরও ২০০ জন শিক্ষক নেওয়া হচ্ছে। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিগ্রিধারীদেরই নিয়োগ করা হচ্ছে। গত বছর খানেক আগেই কলকাতা পুরসভা নিজস্ব কিছু ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে। ইতিমধ্যেই ১৭টি স্কুলকে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে উন্নীত করা হয়েছে।
আরও ৫৩টি ইংরেজি মাধ্যম স্কুল চালু করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। অর্থাৎ সবমিলিয়ে শহরে ৭০টি ইংরেজি মাধ্যমের স্কুল চালুর পরিকল্পনা রয়েছে শিক্ষা বিভাগের। নতুন স্কুল চালুর জন্য শিক্ষকের প্রয়োজনীয়তা থাকায় মিউনিসিপাল সার্ভিস কমিশন মারফত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়।
কিন্তু তারপর লকডাউনে সমস্ত প্রক্রিয়া আটকে যায়। সেটাই সম্প্রতি সম্পূর্ণ করা হল। মূলত ইংরেজি, হিন্দি এবং উর্দু মাধ্যমের জন্য এই শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এই ২০০ জনের মধ্যে প্রায় ১০০ জন শিক্ষককে শুধুমাত্র ইংরেজি মাধ্যম স্কুলেই দায়িত্ব দেওয়া হবে।
