নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সবকিছু ঠিকঠাক থাকলে মাস খানেকের মধ্যেই কলকাতা পুরসভা শুরু করবে টালি নালা প্রকল্পের কাজ। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নানাবিধ জটিলতায় আটকে ছিল। কাজ চালু করতে টাকা এবং কেন্দ্রীয় অনুমোদন আগামী মাস খানেকের মধ্যেই পাওয়া যাবে বলে আশাবাদী কলকাতা পুরসভার কর্তারা।
এই প্রকল্পের আওতায় টালি নালাকে দূষণমুক্ত করার পরিকল্পনা নেওয়া নিয়েছিল কলকাতা পুরসভা। আশেপাশের বস্তিবাসীদের সরিয়ে পুনর্বাসনের ব্যবস্থা হবে। ন্যাশনাল রিভার গঙ্গা মিশনের আওতায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় ৪০০ কোটি টাকারও বেশি অর্থ খরচ হবে। প্রকল্পের অন্তর্গত, বানানো হবে তিনটি বিপুল ক্ষমতা সম্পন্ন এসটিপি।
এগুলি হল গলফগ্রিনের সুখাঁপুকুর, কুদঘাটে পুলিস টেলিকম পার্ক এবং গড়িয়া মেট্রো স্টেশন সংলগ্ন ব্রিজি রোড। দক্ষিণ কলকাতায় বড় অংশের নিকাশি নালার জল প্রতিনিয়ত টালি নালাতে পড়ে, সেটা পাইপলাইন মারফত এসটিপিতে নিয়ে এসে পরিশোধন করে দূষণমুক্ত জল টালি নালায় ফেলা হবে। এবং সংযোগকারী ১৬টি পাম্পিং স্টেশনকেও আরও আধুনিক মানের বানানো হবে।
যাতে আগামী বিভিন্ন পাম্পিং স্টেশন এবং এসটিপির সংযোগকারী এবং এসটিপি থেকে টালি নালা পর্যন্ত জল বার করার জন্য প্রায় ১১৪ কিলোমিটার পাইপলাইন নতুন বসবে। দই ঘাট থেকে গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত টালি নালা ১৫.৫ কিলোমিটার পথে নিকাশি নালার সংস্কার সাধন হবে। যাতে শহরের নিকাশির সম্পূর্ণ দূষণমুক্ত জল টালি নালা ফেলা সম্ভব হয়। এবং জল দূষণ রোধ করা যায়।
থাকবে অনলাইন মনিটরিং সিস্টেম। যাতে প্রতিমুহূর্তে কোনও এসটিপিতে কত পরিমাণ জল যাচ্ছে, দূষণের পরিমাণ, পরিশোধনের পর সেই জলের মান কী, সবটাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনলাইনে পর্যবেক্ষণ করা হবে। ২০১৭ সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। প্রশাসনিক নানাবিধ জটিলতা ছিল।
পরবর্তীকালে সেই জটিলতা কাটিয়ে শেষমেষ গত বছরের ডিসেম্বরে টেন্ডারে সাড়া মেলে। মাত্র একটি সংস্থা টেন্ডার জমা দিয়েছে বলেই পুরসভা সূত্রে খবর। অনুমোদনের জন্য ন্যাশনাল রিভার গঙ্গা মিশন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। দিন পনেরোর মধ্যে সেই অনুমোদন মিলতে পারে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ।
