দালাল চক্র ভাঙতে বাড়ি তৈরির অনুমোদন প্রক্রিয়ায় পরিবর্তন

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এবার থেকে বাড়ি তৈরির যাবতীয় অনুমতি মিলবে এক ছাতার তলায়। সেই ব্যবস্থা বাধ্যতামূলক করছে কলকাতা পুরসভা। পুরসভার পাশাপাশি দমকল, কেএমডিএ, হেরিটেজ সহ যাবতীয় বিভিন্ন সংস্থা বা দপ্তরের অনুমতি মিলবে অনলাইনে কলকাতা পুরসভার ওয়েবসাইট থেকেই। বন্ধ হবে দালাল চক্র, থাকবে না নাগরিকদের ভোগান্তি, দাবি কলকাতা পুরসভার।

বর্তমানে বাড়ি বানানোর অনুমতি নিতে প্ল্যান অনলাইনে জমা দেওয়ার সুবিধা রয়েছে। কিন্তু বাকি বিভিন্ন কাগজপত্র পুরসভাতে এসেই জমা করতে হয়। তারওপর প্রয়োজন হলে দমকল, কেএমডিএ, এয়ারপোর্ট অথরিটি, হেরিটেজ, পানীয় জলের লাইন, নিকাশি সহ যাবতীয় অনুমোদন ঘুরে ঘুরে জোগাড় করতে হয়।

সেই নাগরিক ভোগান্তি দূর করতে গত মার্চ থেকেই যাবতীয় অনুমোদন একসঙ্গে দেওয়ার সুবিধা চালু করেছিল কলকাতা পুরসভা। কিন্তু লকডাউন শুরু হওয়ায় সেই পরিষেবা সাফল্যের মুখ দেখেনি। ফলে পুরোনো নিয়মও চালু ছিল। পুরসভা সূত্রে খবর, গত এক বছরের এই নতুন ব্যবস্থায় মাত্র ৪টি বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়া গিয়েছে।

এবার সেই নতুন ব্যবস্থাই চলতি মে মাস থেকে ধাপে ধাপে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। আপাতত ২টি বরোতে কার্যকর হচ্ছে। তারপর আগামী তিন মাসের মধ্যে সব বরোতেই হয়ে যাবে। বর্তমানে চালু ব্যবস্থায় কোনও বাড়ি তৈরির অনুমতি পেতে ২-৩ মাস সময় লাগে। নয়া ব্যবস্থায় বেঁধে দেওয়া হচ্ছে সময়। ১৫-২৮ দিনের মধ্যে মিলবে অনুমতি।

কলকাতা পুরসভার ওয়েবসাইটে ঢুকে ইজি অফ ডুইং বিজনেস ড্যাশবোর্ড থেকে বিল্ডিং বিভাগে ঢুকতে হবে। সেখানে বাড়ির মালিকের প্রতিনিধি হিসেবে এলবিএস বা আর্কিটেক্ট বা পুরসভার অনুমোদনপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের তথ্য দিতে হবে। তার ভিত্তিতেই তৈরি হবে একটি ইউজার আইডি। সেটা দিয়েই পরবর্তী অপশনে ঢুকে পূরণ করতে হবে ৭-৮ পাতার একটি কমন অ্যাপ্লিকেশন ফর্ম বা সিএএফ।

বিল্ডিং বিভাগের এক কর্তা বলেন, দৌড়ঝাঁপ করতে হবে না। বাড়িতে বসেই নাগরিকেরা এই সুবিধা নিতে পারবেন। সেইসঙ্গে প্রত্যেকটি বরোতে থাকবে হেল্প ডেক্স। প্রয়োজনে নাগরিকেরা সেখানে এসেও এই নিজেদের আবেদন অনলাইনে জমা করতে পারবেন। এর ফলে একদিকে যেমন সময় বাঁচবে, তেমন দালাল চক্র পুরোপুরি বন্ধ হবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন