বেশিক্ষন টিভি দেখেন? জানেন কি ভয়ঙ্কর ক্ষতি করছেন নিজের?

|

রানার প্রতিবেদন : আপনার বয়স কি ৫০ পেরিয়ে গেছে? ধীরে ধীরে ষাটের কোঠায় পৌঁছচ্ছেন? তাহলে টেলিভিশন দেখার উপর একটু নিষেধাজ্ঞা আরোপ করুন। কেননা ৫০-এর পরেও যদি আপনি একটানা তিন থেকে সাড়ে তিনঘণ্টা টেলিভিশন দেখে যান, তাহলে স্মৃতিশক্তি অনেকটাই কমে যেতে পারে। সম্প্ৰতি হওয়া একটি গবেষণালব্ধ ফলাফল থেকেই এমনটা বলা হয়েছে। এই গবেষণার জন্য ৫০-এর বেশি বয়স এমন ৩,০০০ মানুষের উপর পৰ্যবেক্ষণ চালানো হয়েছিল।

৬ বছর ধরে এই সমীক্ষাটি চালানো হয়েছে। তাতে দেখা গেছে যারা টিভি কম দেখে তাদের তুলনায় যারা বেশি টিভি দেখে তাদের স্মৃতির যে অংশটি ভাষার সঙ্গে জড়িত, তা হ্ৰাস পেয়েছে। প্ৰকৃতির সাধারণ নিয়মেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হতে থাকে। কিন্তু বয়স ৫০ পেরোলে ঘণ্টার পর ঘণ্টা যদি বোকাবাক্সের সামনে বসে থাকা হয়, তাহলে দ্ৰুতই স্মৃতিশক্তি ক্ষয় হতে থাকে। ইউনিভাৰ্সিটি কলেজ অব লন্ডনের ( University College London ) একটি গবেষণাই এটা প্ৰমাণ করেছে।

গবেষক থেকে শুরু করে মনোবিদ সকলেই বলেছেন টেলিভিশন দেখার চেয়ে মস্তিষ্কের জন্য অনেক বেশি উত্তেজনাকর কাজ বই পড়া বা শরীরচর্চা করা। এসবের মাধ্যমে স্মৃতিশক্তিকে দীৰ্ঘদিন ধরে সচল রাখা যায়। এই গবেষণায় দেখা গেছে ৫০-৫৫ বছরের ব্যক্তিদের মধ্যে যারা দিনে গড়ে সাড়ে তিনঘণ্টার বেশি টেলিভিশন দেখছে তাদের ক্ষেত্ৰে ১০ শতাংশ পৰ্যন্ত ভারবাল মেমোরি হ্ৰাস পায়। আর যাঁরা দিনে দু থেকে আড়াইঘণ্টা টিভি দেখেন ওই একই বয়ঃসীমার ব্যক্তিরা, তাঁদের স্মৃতিশক্তি কমে ৭ শতাংশ।

ইউসিএল ইন্সটিটিউট অব এপিডেমিওলজি হেলথ কেয়ারের ( UCL Institute of Epidemiology Health Care ) গবেষক ড. ডেইজি ফ্যানকোটের ( Daisy Fancote ) মতে, ‘সাৰ্বিকভাবে আমাদের গবেষণা থেকে যেটুকু আমরা বুঝতে পেরেছি, তার উপর ভিত্তি করে বলা যায় পঞ্চাশের উপর যেসকল মানুষের বয়স চলে গেছে তাঁদের টিভি দেখার পাশাপাশি অন্যান্য সৃষ্টিশীল কাজেও নিজেদের ব্যস্ত রাখতে হবে।’ ব্রিটেনে ( Britain ) এই গবেষণা করা হয়। তাতে প্ৰত্যেকে কতদিন টিভি দেখেন তা জানতে চাওয়া হয়।

পাশাপাশি তাদের জীবনযাপন পদ্ধতি, কতটা সময়ে তারা বসে থাকে বা কাজ করলে কী ধরনের কাজের মধ্যে থাকে, শরীরচর্চা করে কি না ইত্যাদি প্ৰশ্নও করা হয়। তবে এই গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিরা টেলিভিশনে মূলত কী ধরনের অনুষ্ঠান দেখেন তা নিয়ে কোনও প্ৰশ্নাবলি করা হয়নি। তবে কিছু কিছু টেলিভিশন অনুষ্ঠান যে তাদের মস্তিষ্কের স্মৃতিশক্তিতে প্ৰভাব ফেলছে, সে সম্পৰ্কে গবেষকরা নিশ্চিত।

ইউসিএলের বিজ্ঞানীদের মতামত এ-বিষয়ে প্ৰণিধানযোগ্য। তাঁরা জানান, ‘বয়স্ক মানুষেরা বেশিরভাগ ক্ষেত্ৰে নাটক দেখেন, আর ওইসব নাটকের চরিত্ৰের সঙ্গে নিজেদের ভীষণভাবে একাত্মবোধ করতে পারে। আর এটাই মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতার উপর চাপ তৈরি করে।’ তবে বিষয়টি নিয়ে আরও বিশদে গবেষণা করা হবে।পাশাপাশি টিভি দেখার সময়সীমা কত হবে, তা নিয়েও আরও ভালো করে পরিমাপ করতে হবে।

ইউনিভাৰ্সিটি অব সারের ক্লিনিক্যাল সাইকোলজির ( University of Surrey Clinical Psychology ) অধ্যাপক ড. বব প্যাটন জানান, ‘টিভি দেখা মানেই মস্তিষ্ক নষ্ট হয়ে যাওয়া নয়। তবে পঞ্চাশের বেশি বয়সের মানুষের বেশি টিভি দেখা মস্তিষ্কে কোনও না কোনও পরিবৰ্তন আনছে সেটা সত্যি।’

আরও পড়ুন