রিপোর্টে জল আছে সাবধান, দিল্লি থেকে জরুরি বার্তা মুরলিধরে

|

রানার ডেস্ক : হম্বি-তম্বি না করে মাটি কামড়ে লড়াই করতে হবে শেষ চার দফার জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যে রিপোর্ট জমা পড়েছে তা দেখার পরই রাজ্য নেতৃত্বকে সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য নেতারা যে রিপোর্ট দিচ্ছেন দিল্লিকে তা অনেকটাই অতিরঞ্জিত বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতাদের একটা বড় অংশ এমন ভাব করছেন যেন দল ইতিমধ্যে দুশোর বেশি আসন পেয়ে বসে আছে।

বাস্তব পরিস্থিতি তা নয় বলেই সতর্কতা দিল্লির।বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের বলা হয়েছে, তৃনমূল নেতাদের মতো আচরণ না করতে। দিল্লির বক্তব্য, লোকসভা ভোটে তৃনমূল ধাক্কা খেয়েছে তাদের অহঙ্কারের জন্য। উদ্ধত আচরণ আর অহঙ্কারই তৃণমূলের জন্য ক্ষতিকারক হয়েছে লোকসভা ভোটে। এই মূল্যায়ন বিজেপি দিল্লি নেতাদের।

দিল্লি মনে করে, রাজ্য বিজেপি নেতাদের একাংশ সেই অসুখে আক্রান্ত হয়েছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, অতিরিক্ত আত্মবিশ্বাস এরজন্য দায়ী। এই ফাঁপা আত্মবিশ্বাস দলের ক্ষতি ডেকে আনতে পারে। একারনে মুখে লাগাম দিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে বলা হয়েছে। জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ বিজেপিকে নিরঙ্কুশ সাফল্য এনে দেবে। রাজ্য নেতাদের একটা অংশ তেমন মনে করেন।

একারণেই তাদের মধ্যে অহংকার চলে এসেছে, সেটা স্পষ্ট। একারণে বাকি পর্যারের ভোটের লড়াইয়ে ঢিলেমি আসতে পারে, আশঙ্কা দিল্লি নেতাদের। স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পরা রিপোর্ট কিন্তু বলছে, যে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ নিয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্য নেতারা, সেটা অনেকটাই ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা। সুতরাং এই লড়াই জিততে হলে বাকি চার দফা সর্বস্ব নিয়ে ঝাপাতে হবে।

তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এনিয়ে নিজেই সতর্ক করেছেন রাজ্য নেতাদের। তার বার্তা স্পষ্ট, এই লড়াই জিততে হলে, বিনয়ের সঙ্গে মানুষের কাছে ভোটের জন্য হাত পাততে হবে। কথা বার্তা হতে হবে সংযত। মানুষের মন জয় করেই শেষ চার দফা মাটি কামড়ে লড়তে হবে।

আরও পড়ুন