#কলকাতা : যুব সভাপতি পদে ৪০ বছরের বেশি কোনও ব্যক্তি বসবে না। তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ( TMC )। দিন কয়েকের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সব স্তরের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা হতে চলেছে। দলীয় সূত্রে খবর, সম্প্রতি দলের অন্দরে বর্তমান যুব সভাপতিদের জানিয়ে দেওয়া হয়েছে, ৪০ বছরের বেশি বয়স হলে সরে দাঁড়াতে হবে। দায়িত্ব দিতে হবে নতুনদের। পাশাপাশি সংগঠনের জেলা এবং ব্লক স্তরেও ২৫-৩৫ বছর বয়সীদের প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের নতুন সাংগঠনিক কর্তা ব্যক্তিদের তালিকা তৈরির আগে ফিল্ড সার্ভে করেছে প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাক ( Ipac )। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, কলকাতা তথা জেলার বিভিন্ন পুরসভার কাউন্সিলর এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের ফোন করে তাঁদের থেকে তথ্য নেওয়া হয়েছে। উত্তর কলকাতার এক প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটর জানিয়েছেন, গত দুই সপ্তাহ আগে আমার কাছেও একটি ফোন এসেছিল।
আমি কত বছর ধরে রাজনীতি করছি, কোন কোন পদে ছিলাম সব বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। শুনেছি আরও বেশ কয়েকজন কাউন্সিলর ফোন পেয়েছে। দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলেন, সিদ্ধান্ত বাস্তবায়িত করা হলে তা হবে যথেষ্ট সময় উপযোগী। প্রসঙ্গত, এর আগেও বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে ছিলেন ছাত্র নেতৃত্বের বয়সের সীমা থাকুক ৩০ বছর এবং যুব নেতৃত্তের বয়স সীমা বেঁধে দেওয়া হোক চল্লিশে।
কিন্তু পরবর্তী সময়ে নানা কারণে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে আরে বহরে বেড়েছে দল। সেই জায়গায় দাঁড়িয়ে নতুনদের জায়গা করে দিতে হবে। সেই তাগিদ থেকেই এবার এই বয়সসীমার সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে তৃণমূল কংগ্রেস, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে অনেক নামকরা ব্যক্তিত্বকে জেলা সভাপতির পদ থেকে সরে যেতে হবে।
গত ২১ জুলাইয়ের পর দলের সাংগঠনিক রদবদল ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। যুব নেতৃত্বে নিয়ে আসা হয়েছিল একাধিক নতুন মুখ। নতুন প্রজন্মের মধ্যে নজরকাড়া ছিলেন উত্তর ২৪ পরগনার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তী। উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অনিন্দ্য রাউত এবং দক্ষিণ কলকাতার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য দাসগুপ্ত। বর্তমানে দেবরাজ ছাড়া বাকি দুজনের বয়স চল্লিশের বেশি।
ফলে অনেকেই মনে করছেন স্বাভাবিকভাবে তাঁদের সরে দাঁড়াতে হবে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সেখানকার ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার বয়সও চল্লিশের বেশি। তাঁকেও যুব সভাপতির পদ থেকে অপসারিত করা হতে পারে। এখন তৃণমূলের সাংগঠনিক নতুন তালিকা কি বের হয়, সেই দিকেই নজর সকলের।
