রানার ডেস্ক : কোনও রাজনৈতিক দল নয়, সুজাতার ( Sujata Mondal khan ) সম্পর্ক তৈরি হয় রাজনৈতিক ব্যক্তির সঙ্গে। সৌমিত্র ( Saumitra Khan ) যখন কংগ্রেসে তখন দুজনের সম্পর্ক গভীর হয়। তারপর পরিণয় সূত্রে এক ছাদ,এক হাঁড়ি। কংগ্রেস ( Indian National Congress ) ছেড়ে তৃনমূলে চলে আসেন সৌমিত্র। এই সময়টা সৌমিত্রর জন্য ছিল ঘর আর ঘাসফুল। সব কিছু ধীরে ধীরে পাল্টাতে শুরু করে ২০১৮ সাল থেকে। গেরুয়া শিবিরে নাম লেখেন সৌমিত্র। লোকসভা ভোটে তাকে বিষ্ণুপুরে প্রার্থী করা হয়।
সেই সময় মামলার জেরে সৌমিত্রর পক্ষে বিষ্ণুপুর ( Bishnupu ) গিয়ে প্রচার করা অসম্ভব হয়ে পরে। আদালতের নির্দেশে বিষ্ণুপুরে তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। সেই সঙ্কটে হাল ধরেন সুজাতা মন্ডল খান। সৌমিত্রর ভোট মেশিনারি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন তিনি। সেই সময় অভিষেকের বিরুদ্ধে তার একটা মন্তব্যই তাকে সংবাদে নিয়ে আসে। বলেছিলেন, একদিন আসবে যেদিন অভিষেকের জ্বিব ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবো। ভোটে জয় পান সৌমিত্র।
জয়ী সাংসদ এবং তার স্ত্রী সুজাতাকে নিয়ে ব্যাপক হৈচৈ হয় মিডিয়ায়। এরপরই দলের যুব মোর্চার সভাপতির দায়িত্ব পান সৌমিত্র। চষে বেড়াতে শুরু করেন বাংলার এপ্রান্ত থেকে সেপ্রান্ত। উচ্চাভিলাসী সুজাতা ভেবেছিলেন, বিষ্ণুপুর জয়ের কৃতিত্ব মাথায় রেখেই বিজেপি ( BJP ) হয়ত তাকে নেতৃত্বের আসনে জায়গা দেবে। কিন্তু ভাবনাই সার। সুজাতা বিজেপিতে দৌড়ঝাঁপ করতে শুরু করলেন বিজেপি নেত্রী হিসাবে নয়, সৌমিত্রর বউ হিসাবে।
দীর্ঘ অপেক্ষার পর যখন দেখলেন গেরুয়া নেতৃত্ব তাঁকে জায়গা দেবে না, তখনই তার সঙ্গে যোগাযোগ হয় তৃণমূলের ( TMC )। সৌমিত্র এই ঘটনার পর নাটকীয় ভাবে মিডিয়ার একাধিক ক্যামেরার সামনে সুজাতার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করে দেন। যদিও সুজাতা বলেছিলেন, দল আলাদা হলেই ঘর আলাদা হতে হবে তেমন কোনও যুক্তি নেই। কিন্তু সৌমিত্র তার বাড়িতে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেন।
যদিও এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি দুজনের, এরই মধ্যে খবর ছড়িয়ে পড়লো বিজেপিতে ভালো নেই সৌমিত্র। কার্যত লুফে নিলেন সুজাতা। পত্রপাঠ মিডিয়ার সামনে সৌমিত্রকে আহবান করলেন পদ্ম ফেলে ঘাসফুলে চলে আসার জন্য। কংগ্রেসে পরিচয়, তৃনমূলে বিয়ে, বিজেপিতে বিচ্ছেদ, আবার তৃণমূলে ভাঙা ঘর জোড়া লাগাবার স্বপ্ন দেখছেন কি সুজাতা?
সুজাতা কোনও দিন বিচ্ছেদের পক্ষে ছিলেন না। কিন্তু দুজন দুই ভয়ঙ্কর প্রতিপক্ষ শিবিরে থেকে সেই ইচ্ছেকে এক ছাদের তলায় আনতে পারছিলেন না সুজাতা। এবার দল এক হলে ছাদও এক করার সম্ভাবনা জোরালো হবে। সুজাতা যদি সৌমিত্রর কাছ থেকে দূরে থাকতে চাইতেন তবে তৃণমূলে চলে আসার জন্য আহবান করতেন না।
