কংগ্রেস-তৃনমূল সম্পর্কের সম্ভাবনা, অধীরকে সরিয়ে দিচ্ছেন সনিয়া

|

রানার ডেস্ক : লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের নেতার পদ থেকে শেষ পর্যন্ত অধীর চৌধুরী ( Adhir Ranjan Chowdhury ) কে সরিয়ে দিতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ( Sonia Gandhi )। আগামী বুধবার সংসদীয় দলের স্ট্যাটিজিক কমিটির বৈঠক ডেকেছেন তিনি। সে বৈঠকেই নতুন নেতার নাম ঘোষনা করতে পারেন কংগ্রেস সভানেত্রী। সূত্রের খবর অনুযায়ী, মণীশ তিওয়ারি, শশী থারুর, গৌরব এই তিনজনের নাম রয়েছে দৌড়ে।

কংগ্রেস দলের পক্ষ থেকে প্রকাশ্যে বলা হচ্ছে দলের এক ব্যক্তি এক পদ নিয়ম মেনে সরানো হবে অধীরকে। বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতির পদে আছেন অধীর চৌধুরী। অন্যদিকে তিনি সংসদীয় দলের নেতা। একটি পদ থেকে সরে যেতে হবে অধীরকে। কংগ্রেস প্রকাশ্যে যাই বলুক না কেন, শতাব্দীপ্রাচীন এই দলটি লোকসভা ভোটের ভবিষ্যতের কথা ভেবে এই পদক্ষেপ নিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন সোনিয়া গান্ধী। একদিকে প্রথমসারির দলের ২৩ জন শীর্ষ নেতা অধীরের বিরোধিতায় সরব। তাদের ক্ষোভ এখনো প্রশমন করা যায়নি। অধীরকে সরিয়ে দিয়ে সেই বিক্ষুব্ধদের মধ্যে থেকেই কাউকে দলের নেতা করতে পারেন সোনিয়া। শশী থারুর এবং মনীশ তিওয়ারি সেই ২৩ বিক্ষুব্দের দুজন।

অন্যদিকে লোকসভা ভোটে ( Lok Sabha Vote ) বিজেপিকে কোণঠাসা করতে হলে, দেশজুড়ে বিজেপি বিরোধী একটি মঞ্চ দরকার বলে মনে করছেন বিরোধী শিবিরের একাংশ। একা কংগ্রেসের পক্ষে বিজেপিকে ক্ষমতায় থেকে সরানো এই মুহূর্তে কার্যত সম্ভব নয় বলেই মনে করছেন তারা। এই অবস্থায় বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে কংগ্রেস।

এই লড়াইয়ের পরিকল্পনায় অন্যতম অংশীদার তৃণমূল কংগ্রেস ( TMC )। কংগ্রেস নেতৃত্ব এই অবস্থায় দিল্লিতে অধীরকে বড় নেতার পদে বসিয়ে মমতার ( Mamata Banerjee ) সঙ্গে সমঝোতা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র যে সংসদীয় দলের প্রধান তাই নয়, কংগ্রেস দলের অন্দরে গুঞ্জন, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা তৈরি হলে সে ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও সরানো হতে পারে অধীর চৌধুরীকে। কারণ অধীর চৌধুরীর সঙ্গে মমতার সম্পর্ক আক্ষরিক অর্থেই আদায়-কাঁচকলায়।

আরও পড়ুন