পুরসভা ঘেরাওয়ে নিষেধাজ্ঞা পুলিশের, সিদ্ধান্তে অনড় বিজেপি

|

রানার ডেস্ক : বিজেপিকে সোমবার মিছিল করতে দেয়া হবে না সাফ জানিয়ে দিল কলকাতা পুলিশ ( Kolkata Police )। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ( Fake Vaccine Scam ) প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সোমবার পুরসভা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি ( BJP )। দলের যুব মোর্চা এবং মহিলা মোর্চার উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হচ্ছে। মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh )। বেশকিছু বিধায়ক থাকবেন এই মিছিলে।

করোনা আবহের জন্য কোনো মিছিল করতে দেওয়া হবে না, একথা জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রেখেই সকলকে কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কোনও মিছিলের অনুমতি দেওয়া সমীচীন নয়। বিজেপির পক্ষ বলা হয়েছে, তারা তাদের ঘোষিত কর্মসূচি থেকে সরছেন না। আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মিছিল শুরু হবে।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে তারা রাস্তায় নামবেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, দল প্রথম থেকেই বলে আসছে, করোনা বিধি মেনেই তারা মিছিল করবেন। বিক্ষোভও দেখাবেন বিধি নিষেধ মান্য করেই। এই কারণে মিছিল ছোট আকারের করা হবে। দূরত্ব বজায় রেখেই তারা পৌরসভার সামনে বসবেন, বিক্ষোভ দেখাবেন। তাদের কোন উদ্দেশ্য নেই বিধিনিষেধ ভেঙে মিছিল করার। এখন দেখার আগামীকাল পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজেপি মিছিল করে কিনা।

আরও পড়ুন