রানার ডেস্ক : লাগাতার বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে ক্ষোভ বাড়ছে মানুষের, যাকে হাতিয়ার করে বিজেপি ( BJP ) বিরোধী আন্দোলন ক্রমশ শক্তিশালী করতে চাইছে তৃণমূল কংগ্রেস ( TMC )। গোটা রাজ্যে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে শাসক দল। বিজেপিকে কোণঠাসা করতে এই মুহূর্তে তৃণমূলের হাতে সবচেয়ে বড় হাতিয়ার পেট্রোপণ্য ( Petroleum Products )। এই ইস্যুতে আক্ষরিক অর্থেই কোণঠাসা গেরুয়া শিবির।
বিজেপি যতই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির স্বপক্ষে যুক্তি দেন না কেন, নিজেরাই স্বীকার করছেন এই ইস্যুতে দল অস্বস্তিতে। বিধানসভা নির্বাচনেও পেট্রোলের মূল্যবৃদ্ধি বিজেপির বিরুদ্ধে গেছে বলেও মনে করেন দলের একাংশ। শেষ পর্যন্ত এই ইস্যুতে তৃণমূলকে ব্যাকফুটে ঠেলতে পাল্টা কৌশল নিল রাজ্য বিজেপি। ঠিক হয়েছে ৩০ শে জুলাই পর্যন্ত করোনা সংক্রান্ত যে বিধিনিষেধ রয়েছে, সেটা কেটে গেলেই এবার পাল্টা রাস্তায় নামবে তারা।
গেরুয়া হাতিয়ার বিদ্যুতের মাসল বৃদ্ধি। সিইএসসি’র বিদ্যুৎ মাশুল গোটা দেশের মধ্যে সবচেয়ে চড়া, এই অভিযোগ তুলে এবার ব্যাপক আকারে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। কলকাতা ও পার্শবর্তী যে সব এলাকায় সিইএসসি ( CESC ) বিদ্যুৎ সরবরাহ করে, সেই সমস্ত জায়গাতেই লাগাতার আন্দোলন সংগঠিত করবে তারা। সিইএসসির বিদ্যুৎ মাশুল নির্ধারণের ক্ষেত্রে সরকারের ভূমিকা রয়েছে।
সিইএসসি একটি বেসরকারি সংস্থা হলেও তারা বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাব পাস করিয়ে নেয় রাজ্য সরকারের কাছ থেকেই। সুতরাং রাজ্য সরকারের ভূমিকাকে কাঠ গড়ায় তুলে সরকারকে চাপে ফেলতে চাইছে। মূল লক্ষ্য পেট্রো পণ্যের আন্দোলনের পাল্টা বিদ্যুতের মাশুল বৃদ্ধির আন্দোলন শুরু করা। দলীয় সূত্রে খবর, অগাস্টের শুরু থেকেই বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বিজেপি।
