রানার ডেস্ক : গত সোমবার নারদ মামলায় চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। চার জনের মধ্যে একমাত্র ফিরহাদ হামিক রয়েছেন জেলে। বাকি তিন জন এসএসকেএম হাসপাতালে। এই তিন জন হলেন সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি। এদের গ্রেফতারের পর সিবিআই আদালত প্রথমে জামিন দিলেও পরে রাতে তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেদিন রাতেই চারজনকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে।
পরদিন ফিরহাদ বাদ দিয়ে বাকি তিনজন অসুস্থ্যতা কারন দেখিয়ে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। তাঁদের রাখা হয় উডবার্ন ওয়ার্ডে। জেলের ভাত এড়াতেই কি উডবার্নের কেবিনে এসে আশ্রয় নিয়েছেন নারদের তিন অভিযুক্ত? এই প্রশ্ন উঠেছে সিবিআই অন্দরে। তারা কি আদৌ অসুস্থ নাকি অসুস্থতার ভান করছেন তাঁরা। এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ মেডিক্যাল টিম গঠন করেছে সিবিআই। দিল্লির এইমস থেকে আসছেন পাঁচ জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি দল।
তারা এসে পরীক্ষা করে দেখবেন, এই তিনজনের আদৌ অসুস্থতা আছে কিনা, তাদের শারীরিক অবস্থা সত্যি হাসপাতালে ভর্তি থাকার মতো কিনা। এইমস এর চিকিৎসকরা যদি বলেন, ভর্তি থাকার মতো অসুস্থ তাহলে ল্যাঠা চুকে গেল, নতুবা তাদের তুলে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে। এসএসকেএম কর্তৃপক্ষ অবশ্য বলেছেন, তিনজনেরই বয়স হয়েছে, নানাবিদ শারীরিক সমস্যায় তারা ভুগছেন।
গ্রেফতারির পর মানসিক চাপে তাদের অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়াতেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তৃণমূলের পক্ষে কল্যাণ বন্দোপাধ্যায় এদিন বলেন, বাইরে থেকে মেডিক্যাল টিম নিয়ে আসার সিদ্ধান্তে স্পষ্ট, সিবিআই রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কাজ করছে।
