রানার ডেস্ক : বিজেপি ( BJP ) নেতৃত্বের কর্মশালা চলছিল দিব্যি মসৃন গতিতে। ভার্চুয়াল ( Virtual ) এই কর্মশালায় কারা উপস্থিত আছেন, সেই তালিকাও দিব্যি নজরে আসছে। হটাৎ পাল্টে গেল ভার্চুয়াল কর্মশালার পরিবেশ। প্রথমে ফিসফাস তারপর চ্যাচামেচি। কি ব্যাপার, যারা যোগ দিয়েছেন, সেই নামের তালিকায় দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির ( Mamata Banerjee ) নাম। শুধু তাই নয়, আর একটা নাম জ্বলজ্বল করছে,”জয় বাংলা”, এই দুই নাম দেখেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় আলোচনা।
কি করে এটা সম্ভব হলো, মাথা চুলকে ক্লান্ত বিজেপি নেতৃত্ব। এক বিজেপি নেতার দাবি, নির্ঘাত হ্যাকাররা এই কান্ড ঘটিয়েছে। তৃণমূলের থেকেই এই হ্যাক করা হয়েছিল বলে গভীর সন্দেহ প্রকাশ করলেন এক বিজেপি নেতা। যদিও আরও একটা ব্যাখ্যাও আসছে। সেটা হ্যাক নয়, বলা হচ্ছে নির্ঘাত মিটিংয়ের লিংকটাই লিক হয়েছে, তার জন্য এই বিপত্তি। যাদের কাছে লিংক পাঠানো হয়েছিল, তাদের মধ্যেই কারো কাছ থেকে বেহাত হয়েছে এই লিঙ্ক।
এনিয়ে যথারীতি চর্চা চলছে দলের ভেতরে। লিংক বেহাত হওয়া মানে তো দলের মধ্যে অন্তর্ঘাত। দলের জন্য রীতিমতো লজ্জার। বিষয়টি সংবাদমাধ্যমের কানেও গেছে। যদিও সংবাদ মাধ্যমের কাছে বিজেপির বক্তব্য ভিন্ন। । বলা হচ্ছে, লিঙ্ক লিকের গল্প, ওটা নিছকই গল্প। তেমন কিছুই হয়নি। মিডিয়ার কাছে যেটা পৌঁছেছে সেটা কেউ সুপার ইম্পোজ করে নাম গুলো বসিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে এখন মজা নিচ্ছে। যদিও মিডিয়ার কানে এখবরও এসেছে যে, কিভাবে এই কান্ড হলো তা খতিয়ে দেখতে বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে।
