রানার ডেস্ক : ধর্ণার নাম করে সুকৌশলে প্রচারের কাজটা করলেন মমতা ব্যানার্জি। এই অভিযোগে সরব হয়েছে বামেরা। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে নির্বাচন কমিশন ২৪ ঘন্টার জন্য মমতার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। এরই প্রতিবাদে মেয়ো রোডে আজ ধর্ণায় বসেন মমতা ব্যানার্জি। তার অভিযোগ, নির্বাচন কমিশন সম্পুর্ন অগণতান্ত্রিক এবং অসংবিধানিক আচরণ করছে।
এরই প্রতিবাদে দুপর বারোটা থেকে তিনটে পর্যন্ত ধর্ণা চালিয়ে যান। আজ রাত আটটার পর তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আজ দুটো সভাও করবেন তিনি।আজ ধর্ণা চলাকালীন মমতাকে ঘিরে ছিলেন দলীয় কর্মীরা। কোনও নেতা আজ আসেননি ধর্ণা স্থলে। মমতা সঙ্গে করে এনেছিলেন আঁকার সরঞ্জাম। সেখানে বসেই ছবি আঁকেন তিনি।
সেই ছবি এখন ছড়িয়ে পড়েছে সমাজিক মাধ্যমে। কিন্তু কিসের ছবি এঁকেছেন মমতা ব্যানার্জি? সেই ছবিতে কি বক্তব্য প্রকাশ করতে চেয়েছেন, তা নিয়ে আলোচনায় তোলপাড় সামাজিক মাধ্যম। দুর্বোধ্য এই ছবি এখন আলোচনায় বিষয়বস্তু। এদিকে মমতার পাশে দাঁড়িয়ে আজও সমর্থন জানিয়েছে শিবসেনা। তাদের টুইটার হ্যান্ডেলে আজ লেখা হয়েছে, এই লড়াইতে বাংলার বাঘিনীর পাশে আছে শিবসেনা।
মমতার এই ধর্ণা নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, সেনা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই জায়গায় ধর্ণা করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। সেনা জানিয়েছিল, এত কম সময়ে অনুমতি দেওয়া সম্ভব নয়। তারপরেও কি করে ধর্ণা হলো? সেশপর্য্ন্ত সেনা কি অনুমতি দিয়েছিল? এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না।এদিকে বামেদের অভিযোগ, ধর্ণার নাম করে মমতা ব্যানার্জি প্রচার চালিয়ে গেলেন। এই ব্যাপারে কমিশনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিৎ। এমনকি কমিশনের কাছে এনিয়ে তারা অভিযোগ জমা করবেন বলে জানিয়েছেন।
