Madan Mitra Facebook Live : বিরক্ত মমতা, “কি হচ্ছে এসব?”

|

রানার ডেস্ক : মদন মিত্রের ( Madan Mitra ) থাকার কথা ছিল না আজকের বৈঠকে, তবুও তাকে ডেকে পাঠিয়েছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি ( Mamata Banerjee )। হটাৎ কেন এই সিদ্ধান্ত? জানা গেল, মদন মিত্রের বহু চর্চিত ফেসবুক লাইভ ( Facebook Live ) নিয়ে ভীষন বিরক্ত মমতা। মদনকে ডেকে পাঠিয়ে বলেছেন, ফেসবুকে যা খুশি বলা যায় না। যখন যা মনে হলো তাই বলে দিলাম, এসব করা যাবে না। দলের দায়িত্বশীল বিধায়কের মতোই আচরন করতে হবে।

নিজের গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে যেটা সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা ত্যাগ করতে হবে। যদিও মদন বাইরে বেরিয়ে এসে বকাঝকার বিষয়টি মানতে চাননি। কৌশলে সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন,” আমাকে সবাই ভালোবাসে, তাই আমি যখন ফেসবুক লাইভ করবো তখন এটা মাথায় রাখতে হবে, সেই ফেসবুক লাইভটা যাতে সকলের ভালো লাগে এবং সকলেই যেন সেটা বোঝে।”

মদনের কথায় একটা জিনিস পরিষ্কার, ফেসবুক লাইভ করতে মানা করেন নি মমতা কিন্তু ফেসবুক লাইভে যেগুলো করেন সেসব এড়িয়ে যেতে বলেছেন। তৃনমূল নেত্রী যে মদন মিত্রর ওপর খুব একটা প্রসন্ন নন, সেটা টের পাওয়া যায় মন্ত্রিসভা গঠনের সময়। যে তালিকায় দলের অন্যতম পুরনো নেতা মদনের নাম খুঁজে পাওয়া যায়নি। মদন মিত্র এখন মরিয়া হয়ে চাইছেন তাকে অন্তত কামারহাটি পুরসভার মাথায় বসানো হোক।

যেটা তিনি ফেসবুক লাইভ এসে নিজে মুখেই নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন। এসব কাজ দলীয় নেতৃত্বের ভালো লাগার কথা নয়। তাঁর পোশাক, ফেসবুকে তার বিভিন্ন মন্তব্য, তার গান সম্প্রতি নতুন সেনসেশন তৈরি করেছে সামাজিক মাধ্যমে। যদিও দলের অনেকে মনে করেন, এসব আচরণ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের মানায় কিন্তু একজন রাজনৈতিক নেতাকে মানায় না, উল্টে তাকে ভার মনে হয়।

ভোটের আগে তার “ও লাভলি” গান সোশ্যাল মিডিয়ায় ছিল হিট। ভোটের কদিন আগেই বিজেপি প্রার্থী এবং টালিগঞ্জের দুই নায়িকাকে নিয়ে গলায় ফুলের মালা পরে গঙ্গায় নৌকা বিলাসে বেরিয়েছিলেন তিনি। রাজনীতির বাইরে এসব নিয়েই এতদিন চর্চায় ছিলেন মদন। সেই মদনের ফেসবুক লাইভেই এবার নিয়ন্ত্রণ জারি করলেন মমতা ব্যানার্জি। এবার দেখার খবরে ভেসে থাকার নেশাকে বাঁচিয়ে রাখতে নতুন কোন উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দেন ও লাভলি খ্যাত মদন মিত্র।

আরও পড়ুন