রানার ডেস্ক : ভোটের ফলে যদি দেখা যায় সরকার ত্রিশঙ্কু হচ্ছে? যদি বিজেপি ১৪৮ টি আসন ছুঁতে না পারে? যদি তৃনমূলও সংখ্যাগরিষ্ঠতা না পায়? এই পরিস্থিতিতে কাকে সমর্থন করবে বামেরা? জাতীয় রাজনীতির কথা মাথায় রেখে কি সিদ্ধান্ত নেবে সিপিএম? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমানসে। সেই সব জল্পনার অবসান করলেন সূর্যকান্ত মিশ্র।
সিপিএম রাজ্য সম্পাদকের সাফ কথা কাউকে সমর্থন নয়। বিজেপি এবং তৃণমূলের থেকে সমদুরত্ব রাখবেন তারা।বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সূর্যকান্ত মিশ্র। সমদুরত্ব রাখার সিধান্ত কেন, তারও ব্যাখ্যা দেন তিনি। বলেন, দুটো দলই আসলে একই। দু’দল আসলে মুদ্রার দুই পিঠ। মমতা ব্যানার্জি সাফ বলেছেন, তিনি বিজেপি বিরোধী কিন্তু আরএসএস বিরোধী নন।
সিপিএম রাজ্য সম্পাদক বলেন, বিজেপিকে নিয়ন্ত্রণ করে আরএসএস। মমতা ব্যানার্জি সেই আরএসএস বিরোধী নন। সুতরাং এর থেকেই তৃনমূল নেত্রীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট।সরকার গড়তে যদি তৃণমূলের বিধায়ক কম পরে তাহলে বামেরা সমর্থন করবে না।সিপিএম নেতা এদিন বলেন, তাদের লড়াই তৃনমূল এবং বিজেপি, দুদলের বিরুদ্ধেই। যদিও যুক্ত মোর্চার অন্যতম শরিক কংগ্রেস এক্ষেত্রে কিছুটা অস্পষ্টতা তৈরি করে রেখেছে।
একই প্রশ্নের ভিন্ন উত্তর দিয়েছেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতার বক্তব্য, রাজনীতি হলো, অসম্ভবকে সম্ভব করার শিল্প। এমনও হতে পারে মোর্চার অনুকূলে জনমত আসতে পারে। সেই সময় মমতাই সেই সরকারের সঙ্গী হতে চাইতে পারে। সূর্যকান্ত কোনো অস্পষ্টতা না রেখে বামেদের অবস্থান স্পষ্ট করেছেন এদিন। যদিও অধীরের মন্তব্য নিয়ে কোনও পাল্টা মন্তব্য করেননি তিনি।
