Posta Flyover : অভিশপ্ত উড়ালপুল ধ্বংসের কাজ শুরু এমাসেই

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : অবশেষে ভাঙ্গা হচ্ছে পোস্তা উড়ালপুল ( Posta Flyover )। সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। এবার সেটা কার্যকর হতে চলেছে। আগামী ১৫ জুন থেকে পর্যায়ক্রমে ভাঙ্গার কাজ শুরু হবে। মোট চারটি ধাপে ভাঙ্গা হবে এই ধ্বংসপ্রাপ্ত উড়ালপুল। সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )।

বুধবার কলকাতা প্রশাসক ফিরহাদ হাকিম পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তারপর ফিরহাদ বলেন, প্রথম ধাপে ৪৫ দিনে উড়ালপুল আংশিক ভাঙ্গা হবে। তারপর বাকি তিন ধাপ কিভাবে ভাঙ্গা হবে সেই নিয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেব আমরা। ওই অঞ্চলে মূলত রিটেল ব্যবসায়ীরা ব্যবসা করেন। রয়েছে ফলপট্টি। সারাদিন প্রচুর গাড়ির যাতায়াত।

ফিরহাদ হাকিম বলেন, ভাঙার কাজের জেরে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দিতে হবে। বিকল্প পথে ঘোরানো হবে যানবাহন। কলকাতা পুলিসের সঙ্গে এবিষয়ে কলকাতা পুরসভার আধিকারিকরা বৈঠক করবেন। ২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা নিবার্চনের মুখে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ এই উড়ালপুল। মৃত্যু হয়েছিল ২৮জনের।

তারপর থেকেই পোস্তা উড়ালপুল ( Posta Flyover ) বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভবিষ্যৎ কি হবে তা ঠিক করতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছিল। তৎকালীন মুখ্যসচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রথমে খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের দিয়ে ওই ভাঙ্গা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। কিন্তু তাদের রিপোর্ট সরকারের মনঃপূত না হওয়ায় সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নাকে দায়িত্ব দেয় সরকার।

তিনি নির্মীয়মাণ উড়ালপুলটি খতিয়ে দেখে ভেঙে ফেলার পরামর্শ দেন। সেই পরামর্শ মানতে চলেছে সরকার। এই ভাঙার কাজ করবে রেলের অধীনস্থ সংস্থা রাইটস। ফিরহাদ হাকিম জানিয়েছেন, উড়ালপুল ভাঙ্গার সময় সব ধরনের সর্তকতা অবলম্বন করা হবে। আশপাশের বাড়ির যেন কোনও ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর থাকবে।

উড়ালপুল ভেঙে ফেলার পর নতুন উড়ালপুল তৈরি করা হবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। যদিও চলতি বছরের ভোটন একাউন্টে ইতিমধ্যেই উল্টোডাঙা থেকে মানিকতলা হয়ে প্রস্তাব পর্যন্ত উড়ালপুল তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে সরকার।

আরও পড়ুন