মালদায় বিজেপি প্রার্থীর মাথা লক্ষ্য করে গুলি, অবস্থা সংকটজনক

|

রানার প্রতিবেদন : আর পাঁচটা দিনের মতোই প্রচার চলছিল। প্রচার চালাচ্ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তিনি। সাহাপুরের কাছে মাঝ রাস্তায় একদল লোকের সঙ্গে কথা বলছিলেন তিনি। হটাৎ গুলির আওয়াজ। আচমকাই লুটিয়ে পড়েন গোপাল বাবু।

সঙ্গে সঙ্গে এলাকায় হুড়োহুড়ি পরে যায়। আতঙ্কে চারদিকে ছুটতে শুরু করেন মানুষ। রাত সোয়া আটটা নাগাদ ঘটে এই ঘটনা। একটু পড়েই দলের কর্মীদের নজরে পড়ে গোপাল বাবু মাটিতে ছটফট করছেন। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পরে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকেদের দাবি, ভিড়ের মধ্যে থেকে আচমকা গোপাল বাবুর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়।

দুষ্কৃতীরা গোপাল বাবুর পেছন থেকে গুলি চালায়। তারা মোটর সাইকেল নিয়ে এসেছিল বলে দাবি এলাকার লোকদের। গুলি মাথায় লাগে নি, লেগেছে গলার কাছে। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক এবং উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি ঘগনার জন্য তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে। বিজেপি রাজ্য সভাপতি ঘটনার জন্য তৃণমূলের দিকেই আঙ্গুল তুলেছেন।

নিজের ফেসবুক পেজে তিনি বলেছেন, তৃনমূল রাজ্য জুড়ে যে ভয়ঙ্কর হিংসা সন্ত্রাসের খেলা শুরু করেছে এটা তারই ফল। মানুষই ইভিএম-এ এর জবাব দেবে। এই ঘটনার পর দলীয় প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে বিজেপিতে। কেননা প্রার্থীকেই খুন করার চেষ্টা দেখে উদ্বিগ্ন দল। পুলিশ অবশ্য দুষ্কৃতিকারীদের নাগাল পায়নি। শুধু বলা হয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে এবং দুষ্কৃতীদের ধরার চেষ্টাও হচ্ছে।

আরও পড়ুন