রানার ডেস্ক : পঞ্চম দফার ভোট শুরু হতে জায়গায় জায়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। অতীতের সব কিছু ছাপিয়ে এবার নেতার বাড়িতেই আক্রমণ-এর ঘটনা ঘটেছে। কল্যানিতে বিজেপি বুথ সভাপতির বাড়িতে সকালে ব্যাপক বোমা হামলা চালানো হয়। ঘটনায় এলাকায় ত্রাসের সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, তাদের দলের সমর্থক এবং ভোটারদের আতঙ্কিত করে তুলতেই সকাল বেলায় এই হামলা চালানো হয়।
ঘটনার পর নিরাপত্তা রক্ষী এলেও চাপা আতংক এলাকা জুড়ে বোমাবাজির ঘটনা ঘটেছে কল্যানিতেও। সকালে এখানে বেশ কয়েকটি জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, একেবারে নির্দিষ্ট করে তাদের ভোটারদের আটকাতে এই ষড়যন্ত্র করছে তৃনমূল কংগ্রেস। ঘটনার পর কল্যানির বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা-আতংক তৈরি হয়। ছুটে আসেন বিজেপি নেতা জগন্নাথ সরকার।
তিনি নিজে ভোটারদের বুথে পৌঁছে দেবার চেষ্টা করেন। দুবরাজদীঘি বলে একটি এলাকায় বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে, এবং বুথ ঢোকার আগেই তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিজেপির বুথ এজেন্টকে কিডন্যাপ করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে গেরুয়া শিবির।
এদিন সকালে কুলটির ৮০ নম্বর বুথের বিজেপি এজেন্টকে প্রথমে বুথে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তারপর বচসার ঘটনা ঘটে। কিছুক্ষণ পর থেকে উধাও হয়ে যায় বিজেপি এজেন্ট। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।
কামারহাটিতেও উত্তাপ রয়েছে সকাল থেকে। এখানে ১০৭ নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ায় অশান্তি তৈরি হয়। এরপর মদন মিত্র শোরগোল ফেলে এই অভিযোগে, তাঁকে নাকি বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। এনিয়ে কমিশনে অভিযোগ করবেন বলেও জানান তিনি।
