রানার ডেস্ক : পূর্ব মেদিনীপুর ( Purba Mednipur ) জেলার এসপি কে হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। গতকাল পূর্ব মেদিনীপুরের এসপির অফিসের সামনে ছোট্ট মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখান তিনি। সেখান থেকে ভাষণ দেওয়ার সময়। এসপির উদ্দেশ্যে তিনি বলেন, অভিষেক ব্যানার্জীর ( Abhishek Banerjee ) অফিসের সঙ্গে তার কতবার কথা হয়েছে, কী কথা হয়েছে, সব রেকর্ড করা আছে। এসপি অমরনাথ কে’র উদ্দেশ্যে হুমকি দিয়ে তিনি বলেন এমন কিছু করবেন না যাতে আপনাকে ভবিষ্যতে বারামুলা কিংবা এনন্তনাগে গিয়ে ডিউটি করতে হয়।
এসপিকে প্রকাশ্যেই কাশ্মীরে বদলি করে দেওয়ার হুমকি দিলেন শুভেন্দু। তার দাবি, অমরনাথ এখানে যা ইচ্ছে করছেন কারন পেছনে আছে তৃণমূল। তৃণমূলের আশীর্বাদের হাত মাথায় রয়েছে। একইসঙ্গে বিরোধী দল নেতা বলেন, এটাও মনে রাখা উচিত শুভেন্দু অধিকারীর পেছনে কেন্দ্রীয় সরকার রয়েছে। বিজেপির ( BJP ) হাত রয়েছে। এসপি যদি মনে করেন তৃণমূলের ক্ষমতায় বলীয়ান হয়ে যা খুশি তাই করবেন, সেটা সম্ভব নয় ।
শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর নতুন সরকার গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের । সেই সরকার ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিন তিনটে মামলা রুজু করা হয়েছে। ত্রিপল চুরির অভিযোগ, দেহরক্ষী মৃত্যু-রহস্যে শুভেন্দু কে জড়িয়ে ফেলা এবং কাঁথি সমবায় ব্যাংকের দুর্নীতির অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। এর তিনটির মধ্যে দুটিতে সরাসরি ভূমিকা আছে এসপির। দেহরক্ষী মৃত্যুরহস্য উদঘাটন করতে নেমেছে সিআইডি ( CID )।
ত্রিপল চুরি এবং কাঁথি সমবায় ব্যাংক এ দুর্নীতির অভিযোগ নিয়ে সক্রিয় জেলার এসপি। তাকেই হুমকি দিলেন। তিনি বললেন এমন কিছু করবেন না যাতে পূর্ব মেদিনীপুর ছেড়ে ডিউটি করতে যেতে হতে পারে জঙ্গী উপদ্রুত অনন্তনাগ কিংবা বারামুলায়। একই সঙ্গে যখন পেগাসাস ( Pegasus ) নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক চলছে, তার মধ্যেই তিনি প্রকাশ্যে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এসপির কাছে কতবার ফোন এসেছে সব কল রেকর্ড আছে।
