দু’হাত বাড়িয়ে টাটাকে স্বাগত জানাতে প্রস্তুত তৃনমূল সরকার : পার্থ

|

রানার ডেস্ক : দু’হাত বাড়িয়ে টাটাকে ( Tata ) পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল সরকার। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন, রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )। তিনি বলেন,সিঙ্গুরে ( Singur ) যে ঘটনা ঘটেছে তাতে কখনোই তারা টাটাকে দোষী সাব্যস্ত করেননি। কৃষকদের কাছ থেকে জোর করে জমি নিয়ে ছিল তৎকালীন বামফ্রন্ট সরকার।

তাদের যাবতীয় রাগ-ক্ষোভ কিংবা আন্দোলন সংঘটিত হয়েছে বামফ্রন্টের ( Left Front ) বিরুদ্ধে, টাটার বিরুদ্ধে নয়। যদিও সেই সময়ে তৃণমূল নেতৃত্বাধীন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যতম স্লোগান ছিল “টাটা তুমি ফিরে যাও” পার্থ এখন বলছেন, টাটা তুমি ফিরে এসো। তার বক্তব্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ বাণিজ্যিক সংস্থা হচ্ছে টাটা গোষ্ঠী ( Tata Group )। সেই বাণিজ্য গোষ্ঠী কে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আহ্বান জানাচ্ছেন তারা।

তিনি বলেন, তাদেরকে স্বাগত, তারা যেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করেন। একইসঙ্গে পার্থ চ্যাটার্জি ( Partha Chatterjee ) জানান ইতিমধ্যে কলকাতায় আরো একটি অফিস স্থাপন করতে চেয়েছে টাটা গোষ্ঠী। শিল্পমন্ত্রী বক্তব্য, শুধু অফিস নয়, তারা চান লবণ থেকে ইস্পাত সর্বত্র যেন টাকার বিনিয়োগ আসে এ রাজ্যে। ২০০৭ সালে রাজ্য থেকে পাততাড়ি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় টাটা ন্যানো ( Tata Nano )।

তারপরে শিল্প বলতে বড় আকারের কোন বিনিয়োগই আসেনি পশ্চিমবঙ্গে। গোটা দেশজুড়ে পশ্চিমবঙ্গ শিল্প বিরোধী হিসেবে পরিচিত হতে থাকে। শিল্পমহলে খারাপ হয় বাংলার ভাবমূর্তি। এদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্থা হিসেবে পরিচিত টাটা যেখানে বিনিয়োগ করে ব্যবসা করতে পারেনি, সেখানে আর অন্য কোন বৃহৎ বাণিজ্যিক সংস্থা বিনিয়োগের ঝুঁকি নিতে চায়নি।

এ কারণে গত ১০ বছরে এ রাজ্যে বৃহৎ শিল্পে বিনিয়োগে কার্যত খরা। সেই খরা কাটাতে চান পার্থ চট্টোপাধ্যায়। শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। যাদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার কারণে শিল্প ক্ষেত্রে বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে তাদেরকেই ফিরিয়ে এনে সেই ক্ষয়ক্ষতি মেরামত করতে চাইছেন শিল্পমন্ত্রী।

আরও পড়ুন