রানার ডেস্ক : আসানসোলে ( Asansol ) সাংগঠনিক বৈঠক শেষে ফিরছিলেন কলকাতায়। রাস্তায় হঠাৎই দাঁড়িয়ে পড়ল তার গাড়ি। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ( Durgapur Expressway ) উপর দাঁড়িয়ে একের পর এক ছবি তুলতে লাগলেন বিজেপি রাজ্য সভাপতি। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমাকাশে যেন আগুন ঝরে পড়ছে। পাটে বসছে সূর্য। রাস্তায় দাঁড়িয়ে সেই দৃশ্য নিজের মোবাইল ফোনে বন্দি করলেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।
শুধু তাই নয় ছবিটা নিজের সংগ্রহে রেখে দেননি, দলের অফিসিয়াল গ্রূপে শেয়ার করে লিখেছেন, সূর্য যখন অস্ত যায়, তখনই আসে নতুন ভোর। নির্ভেজাল নান্দনিক বিষয় হতে পারতো এটা, কিন্তু নামটা যেহেতু দিলীপ ঘোষ, তাই রাজনীতি আসবে না, তাও আবার হয় নাকি। স্বভাবতই দিলীপের ছবির ক্যাপশন নিয়ে চলছে কাটাচেরা।

কেন লিখলেন, কোন মানসিক অবস্থার প্রতিফলন ঘটলো তার এই ক্যাপশনে? একুশের নির্বাচনের পরাজয়কে কি প্রতিফলিত হতে দেখছেন পাটে বসা সূর্যের গায়ে। যে সূর্য হাতছানি দিচ্ছে নতুন ভোরের। কর্মীদের কাছে বার্তা? হতাশ না হয়ে নতুন ভোরের জন্য প্রস্তুত হও? নাকি রাজনীতির আকাশে ব্যক্তি দিলীপ ঘোষকে প্রতিফলিত হতে দেখছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি?
ভোটে হারের পর মাত্র দুমাস কেটেছে, এরই মধ্যে শোনা যাচ্ছে সভাপতি পদে পরিবর্তন হতে পারে। সাংবাদিকরা সেই গুঞ্জন নিয়ে প্রশ্ন করেছিলেন দিলীপ ঘোষকে। তার উত্তর ছিল, “দল যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করছি, নতুন দায়িত্ব দিলে সেটাও করবো।” তাহলে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছেন দিলীপ ঘোষ? সেটা কি তার জীবনে নতুন ভোর নিয়ে আসবে? হাজারো প্রশ্নের মুখে অস্তমিত সূর্যের ক্যাপশন।
