অন্য দল থেকে এসেই নেতা, নিয়মের বদল চাইলেন দিলীপ

|

রানার ডেস্ক : দলের অন্দরে বেসুরো নেতাদের নিয়ে এই মুহূর্তে নাকাল বিজেপি। তৃণমূল দল থেকে যারা বিজেপিতে এসেছেন, তাদের মধ্যে একটা অংশ বিজেপিতে নাম লিখিয়েই সঙ্গে সঙ্গে বিজেপির নেতৃত্ব পদে আসীন হয়েছেন। এদের একটা অংশ আবার নির্বাচনে পরাজয়ের পর বেসুরো গাইতে শুরু করেছেন।

যার জেরে জোর বিরম্বনা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। কেউ দলীয় নেতৃত্বকে আক্রমণ করে প্রকাশ্যে কথা বলছেন। কেউ তৃণমূলের সুরে সুর মিলিয়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলছেন। এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্বের একাংশের অভিযোগ, তৃণমূল থেকে আসা নেতারা যদি আগামী দিনেও একই রকম আচরণ করতে থাকেন, তাহলে দলের অনুশাসন এবং শৃঙ্খলার সামনে বড়োসড়ো প্রশ্ন চিহ্ন দেখা দেবে।

দলীয় নিয়মরীতি বিরোধী আচরণ ইতিমধ্যেই সংক্রমিত হতে শুরু করেছে দলের নিচুতলায়। শাখা সংগঠনের নেতারাও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্ব ব্যবস্থা নিলেও তৃণমূল থেকে আসা বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্য নেতৃত্তের সীমাবদ্ধতা আছে।

এ কারণে বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চেয়েছিল রাজ্য নেতৃত্ব। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার ( J. P. Nadda ) সঙ্গে সোমবার বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ), সেই সময়ই এই প্রসঙ্গ উঠে আসে। সূত্রের খবর, দিলীপ ঘোষ প্রস্তাব দেন, আগামী দিনে অন্য দল থেকে যেই আসুক না কেন, তাকে যেন তৎক্ষণাৎ নেতৃত্বে পদে দায়িত্ব দেওয়া না হয়।

তাকে বিভিন্ন কর্মসূচির দায়িত্ব দেয়া যেতে পারে। যে কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দলকে জানা-বোঝা এবং নিয়ম শৃঙ্খলা সম্পর্কে তিনি অবগত হতে পারবেন। এভাবে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে, বিজেপিকে জেনে বুঝেই সে নেতৃত্বে আসতে পারবে। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতির পুনরাবৃত্তির সম্ভাবনা কম থাকবে।

আরও পড়ুন