রানার ডেস্ক : রাজ্যের পরিস্থিতি কেন্দ্রের সামনে তুলে ধরতে দিল্লি যাবার সিধান্ত বিজেপি পরিষদীয় দলের। নির্বাচন পরবর্তী ‘হিংসা’ – র অভিযোগ বার বার তুলছে বিজেপি। সেই অভিযোগ কেন্দ্রীয় সরকারের সামনে বিশদে তুলে ধরবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ( Amit Shah ) সঙ্গে দেখা করে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলি নিজেদের নামে চালাচ্ছে। সেই সব প্রকল্প সম্পর্কে কেন্দ্রকে তথ্য দেবে তারা।
প্রকল্পগুলি যেসব মন্ত্রকের সেই সব মন্ত্রীর সঙ্গে দেখা করে এনিয়ে বিশদে অবগত করবে পরিষদীয় দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) সঙ্গেও দেখা করতে পারেন তাঁরা। পরিষদীয় দলের নেতৃত্বে দেবেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বিজেপি সূত্রের খবর, এই বিষয়গুলি নিয়ে বিধায়কদের মধ্যে আলোচনা হয়েছে। দিন কয়েকের মধ্যে বিস্তারিত আলোচনা হবে এবং দিল্লির সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত করা হবে।
তৃনমূল সরকারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের সিধান্ত নিয়েছে বিজেপি। পরিষদীয় দলের আলোচনায় ঠিক হয়েছে, একদিকে মানুষের সঙ্গে সারা বছর নিবিড় যোগাযোগ রাখতে হবে, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। দিল্লির হাত ধরেও এই সরকারের ওপর চাপ তৈরি করতে চান শুভেন্দু। সেই উদ্দেশ্যেই তারা এবারের দিল্লি চলো অভিযান।
