রানার ডেস্ক : বড়োসড়ো সাংগঠনিক রদবদল হতে পারে রাজ্য বিজেপিতে। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) এবং দেবশ্রী চৌধুরীকে ( Debasree Chaudhuri ) মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, দু’জনকেই এবার রাজ্য বিজেপিতে সংগঠনের কাজে নিয়োগ করা হবে। এখনো পর্যন্ত নিশ্চিত নয় বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী কোন পদে কাজ করবেন। তবে এটা নিশ্চিত রাজ্য বিজেপির সাংগঠনিক কাজে বড় ভূমিকা নেবেন তারা।
বিজেপির অন্দরমহলের খবর দেবশ্রী চৌধুরীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসার কথা ভাবা হয়েছে। তবে সেটা এখনই না পরবর্তীকালে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি । বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) দায়িত্ব নিয়েছেন ২০১৫ ডিসেম্বরে। ২০১৮তে দিলীপ ঘোষের সভাপতির মেয়াদ শেষ হলেও তাকে এক বছরের জন্য অন্তর্বর্তী রাজ্য সভাপতির দায়িত্বে রাখা হয়েছিল।
লোকসভা ভোট মিটে যাওয়ার পর ২০১৯ শে দ্বিতীয়বারের জন্য দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে নির্বাচিত করা হয়। দ্বিতীয় দফার মেয়াদ অনুযায়ী তার রাজ্য সভাপতির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছর আগস্ট মাসে। কিন্তু তার আগেই কি তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে অন্য কোন দায়িত্বে নিয়ে আসা হবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য বিজেপির অন্দরে।
আগামীকালের আলোচনায় অবশ্যই উঠে আসবে রাজীব বন্দ্যোপাধ্যায় , সৌমিত্র খাঁর বিষয়টি। রাজীব বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলের হয়ে ব্যাটিং করছেন, প্রকাশের সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে কথা বলছেন, সৌমিত্র খাঁ যেভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে রাজ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কামান দাগছেন, তাতে দলের শৃঙ্খলা, অনুশাসন এখন রীতিমত প্রশ্নচিহ্নের মুখে।
দলীয় নেতৃত্ব বলছেন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দলকে এর গুনাগার দিতে হবে। রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে একটা হেস্তনেস্ত করতে চায়। আগামীকালের বৈঠকে এই বিষয়গুলো গুরুত্ব পাবে। আরো একটি আলোচনা হবে সেটি হচ্ছে ভোটের পরে আক্রান্ত,ভীতসন্ত্রস্ত ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়ানো, মুষড়ে পড়া দলকে আবার চাঙ্গা করা এবং এই চাঙ্গা করার জন্য তাদেরকে রাস্তায় নামানোর বিষয়টি নিয়ে।
আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়েও আলোচনার সম্ভাবনা। আলোচনা হবে দলীয় অনুশাসন নিয়ে।এইসব বিষয় গুলি নিয়ে জেপি নাড্ডা আগামীকাল কথা বলবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে এমনটাই মনে করা হচ্ছে।
