রানার ডেস্ক : দুর্নীতিতে নতুন নজির তৈরি করল তৃণমূল ( TMC ) পরিচালিত গ্রাম পঞ্চায়েত। মালদার রতুয়া ব্লক-২ ( Ratua Block 2 ) শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে ( Sreepur Gram Panchayat ) এই নতুন নজির তৈরি করেছে। একশ দিনের কাজের প্রকল্পে পুকুর কাটার কাজ হাতে নিয়েছিল এ পঞ্চায়েত। পরে দেখা গেল একটাও পুকুর কাটা হয়নি। কাগজে-কলমে পুকুর দেখিয়ে লক্ষ লক্ষ টাকা পকেটে ভরে নিয়েছে পঞ্চায়েত নেতারা।
অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ একজন এবং উপপ্রধান এর স্ত্রীর নামে এই কাজগুলো করা হয়েছে। তারাই ঠিকাদারি করেছে এবং তারাই সমস্ত টাকা আত্মসাৎ করে নিয়েছে। পঞ্চায়েতের একাংশ সদস্য দুর্নীতি করে লাভবান হওয়ায়, অন্য অংশ ক্ষুব্ধ হয়েছে। তারা সরকারি দফতরে অভিযোগ জানিয়েছে। অভিযোগ পেয়ে সরকারি আধিকারিকরা ঘটনার অনুসন্ধান করতে আসেন।
সেই সময়ই পঞ্চায়েতের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। প্রথমে তর্কাতর্কি তারপর হাতাহাতি। দুপক্ষের মধ্যে রীতিমতো খন্ড যুদ্ধ বেধে যায় এরপর। এই পরিস্থিতিতে তদন্ত অসমাপ্ত রেখেই ফিরে যান দুই সরকারি আধিকারিক। খন্ড যুদ্ধ শেষে দেখা যায় মোট ৮ জন জখম হয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
তাদেরকে মালদা মেডিকেল কলেজে ( Malda Medical College ) ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এখন প্রশ্ন হলো গ্রাম পঞ্চায়েতগুলি যদি এভাবেই দুর্নীতি চালিয়ে যেতে থাকে তাহলে মানুষের পরিষেবার কি হবে? তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতই শুধু নয়, গোটা জেলার বহু পঞ্চায়েতের বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।
