মূল্যবোধের মাথা খেয়ে মুকুলকেই পিএসি’র মাথায় বসানো হলো

|

রানার ডেস্ক : যেমন ভাবা তেমন কাজ । মুকুল রায়কে শেষ পর্যন্ত পাবলিক একাউন্টস কমিটির ( Public Accounts Committee ) মাথায় বসালো সরকার। সিদ্ধান্ত ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ( Speaker Biman Banerjee )। মুকুল রায় ( Mukul Roy ) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবার পর থেকেই এখবর বাজারে ভেসে বেড়াতে থাকে, তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে মুকুল রায়কেই পিএসসি চেয়ারম্যান ( PSC Chairman ) করা হবে।

ভারতীয় সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে চিরকালই বিরোধীদলের সুপারিশ করা বিধায়ককে পিএসসি চেয়ারম্যান পদে বসানো হয়। স্বাধীনতার পর থেকে পার্লামেন্টে এবং বিভিন্ন বিধানসভাগুলোতে এই রীতি অনুসরণ করে আসা হচ্ছে। পাবলিক একাউন্ট কমিটির কাজ সরকারের খরচের ওপর নজর রাখা। সরকারি কাজকর্মে স্বচ্ছতা ধরে রাখতেই বিরোধী শিবিরের নেতাকে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার রীতি চলে আসছে।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মানস ভূঁইয়াকে ( Manas Bhunia ) ওই চেয়ারে বসিয়ে প্রথম এই রীতি লঙ্ঘন করে। মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবার পর তাকে বসানো হয়েছিল পিএসসি চেয়ারম্যান পদে। যদিও বিরোধী শিবির থেকে বাম এবং কংগ্রেসের সুপারিশ ছিল সুজন চক্রবর্তীকে ( Sujan Chakraborty ) পিএসসি চেয়ারম্যান করা হোক। বিরোধীদের সুপারিশ খারিজ করে দিয়ে, সরকার বা স্পিকার সেসময় যুক্তি দেখিয়ে ছিল মানস ভুঁইয়া কংগ্রেসের থেকে নির্বাচিত বিধায়ক।

মানস ভুঁইয়া বিরোধী শিবিরের বিধায়ক বললেও, বাস্তবে মানস বাবু নাম লিখিয়ে বসে আছেন তৃনমূল শিবিরে। সংবিধানে স্পিকারের হাতেই সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে তিনি কাকে পিএসসি চেয়ারম্যান করবেন কাকে করবেন না। ফলে একে আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না বিরোধীরা। যেহেতু আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, সেইহেতু সুযোগের সদ্ব্যবহার করে স্পিকার এই সিদ্ধান্ত নিলেন বলে মনে করছে বিজেপি।

আজ মুকুল রায়ের নাম ঘোষণার পর তীব্র প্রতিবাদ করা হয় বিজেপির শিবির থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) জানিয়ে দেন, বিধানসভার যতগুলো স্ট্যান্ডিং কমিটির মাথায় বিজেপি বিধায়করা চেয়ারম্যান হয়েছেন তারা সবাই পদত্যাগ করবেন। তারা শুধু সদস্য হিসেবেই থাকবেন কমিটিতে। চেয়ারম্যান পদে কেউ থাকবে না।

বামেদের মন্তব্য, মূল্যবোধের মাথা খেয়ে পিএসসির মাথায় বসানো হয়েছে মুকুল রায়কে। এই সরকার অতীতে একই ঘটনা ঘটিয়েছে। আবারও একই ঘটনা ঘটল। বারবার গণতান্ত্রিক রীতি নীতি আদর্শ- মূল্যবোধকে পদদলিত করছে এই সরকার ,অভিযোগ বাম শিবিরের।

আরও পড়ুন