নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ব্রিগেডের ময়দানে ( Brigade Maidan ) জনসমাবেশ নয়। এবারেও ভার্চুয়ালি হবে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ( 21st July )। তবে থাকছে বড় চমক। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন জাতীয় স্তরের দুই পরিচিত ব্যক্তিত্ব। একদিকে বিহার এবং অন্যদিকে তামিলনাড়ু, দুই রাজ্যের দুজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চলেছেন বলেই কালীঘাট ( Kalighat ) সূত্রে খবর। ঠিক ছিল করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠলে বড় করে হবে বিজয় উৎসব।
একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) বিপর্যয়ের পর সেই আশাতেই বুক বেঁধেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তৃণমূল নেত্রীর ঘোষণা ছিল, একুশে জুলাইয়ের সমাবেশ হবে ব্রিগেড ময়দানে। কিন্তু সেই ইচ্ছায় জল ঢেলেছে করোনা সংক্রমণ। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আপাতত বড় জনসমাবেশের পথ থেকে সরে দাঁড়াচ্ছে রাজ্যের শাসক দল। ঠিক হয়েছে, গতবারের মতো এবছরও একুশে জুলাই হবে ভার্চুয়ালি।
অর্থাৎ কালিঘাট থেকে ভিডিও বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যালয় নেত্রীর ভার্চুয়াল বার্তা দেখানোর ব্যবস্থা হবে। গতবছরও ঠিক এইভাবে কালীঘাটের মিলন সংঘের মাঝে ছোট মঞ্চ খাটিয়ে ভার্চুয়ালি একুশে জুলাই পালন করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন লড়াইয়ের বার্তা। এবারের একুশে জুলাই হবে বিজয়ের অভিঘাতে ভরপুর। সেই সঙ্গে বাড়তে থাকবে আগামী লোকসভা নির্বাচনের, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
তবে সব থেকে বড় চমক, এবছর একুশে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা ( Shatrughan Sinha )। পাশাপাশি তামিলনাড়ুর বিশিষ্ট রাজনৈতিক নেতা ভাইয়াপুরি গপালস্বামি তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে পারেন। ভারতীয় রাজনীতিতে তিনি ভাইকো নামে পরিচিত। বর্তমানে তিনি একটি পৃথক রাজনৈতিক দল চালান। তবে সেটি একটি আঞ্চলিক ছোট দল। তাঁর দলের নাম মারুমালারচি দ্রাবিড় মুন্নেত্রা কাজহাগাম বা এমডিএমকে।
বর্তমানে স্ট্যালিনের দল ডিএমকের সঙ্গে তিনি জোটে রয়েছেন। এবার তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে পারেন। তাঁকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস দক্ষিণ ভারতে রাজত্ব বিস্তারের পরিকল্পনা নিয়েছে। বর্তমানে ভাইকো তামিলনাড়ু থেকে রাজ্যসভার সাংসদ। তবে এখনও পর্যন্ত পুরোটাই রয়েছে প্রাথমিক স্তরে। আলাপ-আলোচনা চলছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখছেন। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর সকলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। একুশে জুলাইয়ের মঞ্চে দুই হাত এক হতে পারে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে।
