“খেলা হবে” রাজনৈতিক স্লোগানকে এবার সরকারি সিলমোহর দেবার সিধান্ত

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : তৃণমূল কংগ্রেসের ( TMC ) বিধানসভা নির্বাচনের রাজনৈতিক স্লোগান ছিল ‘খেলা হবে’। এবার সেই স্লোগানের নামেই রাজ্য সরকারের নতুন ক্রীড়া কর্মসূচি নাম দেওয়া হল ‘খেলা হবে’ ( Khela Hobe )। রাজ্যের ক্রীড়া দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের সব পুরনিগম, পুরসভার এবং ব্লকে সেই নির্দেশিকা সরকারি আধিকারিকদের পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ফুটবলের মানোন্নয়নে রেজিস্টার ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হবে। এই কর্মসূচির নাম ‘খেলা হবে’। জুলাই মাসের প্রথম সপ্তাহে এই ফুটবল বিতরণ কর্মসূচি হবে। ক্রীড়া দপ্তর সূত্রে খবর, সম্ভবত অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ( Netaji Indoor Stadium )। সেখানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। তিনিই ফুটবলারদের হাতে ‘জয়ী’ ফুটবল তুলে দেবেন।

যদিও কতগুলি ক্লাবকে এই ফুটবল দেওয়া হবে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। আধিকারিকদের সেই তালিকা তৈরি করতে বলা হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হাজার হাজার ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করে রাজ্য সরকার। প্রতিটি ক্লাব সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অনুদান পায়। এবার সেই আর্থিক অনুদানের পাশাপাশি নতুন কর্মসূচিতে ফুটবল বিতরণ করা হবে। কিন্তু সরকারি কর্মসূচির নামে কেন রাজনৈতিক স্লোগানকে বেছে নেওয়া হলো তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

‘খেলা হবে’ স্লোগান বহুল প্রচারিত। কোথাও ইতিবাচক, কারও কাছে আবার নেতিবাচক। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সরকারি আধিকারিকদের একাংশের মধ্যে। যদিও অপর অংশের সরকারি কর্তাদের বক্তব্য, উল্লেখ্য ভোট প্রচারে বেরিয়ে এই স্লোগান দিতে দিতে একাধিকবার বিভিন্ন জনসভায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এমন কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। তাই নির্বাচনে জিতে তিনি রাজ্যের গ্রাম-গ্রামান্তরে বিভিন্ন ক্লাবের খেলার দলকে ফুটবল উপহার দিয়ে খেলায় আগ্রহ বাড়াতে চাইছেন।

সেখানে ‘খেলা হবে’ স্লোগানের থেকে ভালো কিছু আর নামকরণ হতো না। কারণ এই শ্লোগান প্রভূত জনপ্রিয় হয়েছে। বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে। তাই সরকারি এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতেই এই নাম দেওয়া হয়েছে।

আরও পড়ুন