নিজস্ব প্রতিনিধি, কলকাতা : করোনা মোকাবিলায় এবার আরও নজিরবিহীন পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। করোনা সংক্রমণের হার কমলেও গরিমসি নয়। চালু হচ্ছে ভ্যাকসিন বা ভ্যাকসিনেশন অন হুইলস। অর্থাৎ বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত বাস শহরের বিভিন্ন জায়গায় ঘুরে টিকাকরণ করবে।
মূলত শহরের বিভিন্ন বাজারে দোকানদার কর্মচারী মুটে-মজুর, এদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, সংক্রমণের হার কমলেও যত বেশি মানুষকে টিকা দেওয়া যাবে ততই তৃতীয় ঢেউ আটকানো সম্ভব। তাই, তৃতীয় ঢেউ জন্য এখন থেকেই কোমর বাঁধছে কলকাতা পুরসভা।
আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার দিন থেকে এই বিশেষ টিকাকরণ কর্মসূচি শুরু হবে। পরিবহন দপ্তর এবং পুরসভার যৌথ উদ্যোগে এই কাজ হবে। এসি বাস দিচ্ছে পরিবহন দপ্তর। এক সময়ে একসঙ্গে ১০ জন বাসের ভিতর বসে টিকা নিতে পারবেন। মূলত বিভিন্ন বাজারে বাজারে ঘুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকাকরণ করবে এই বাস। পোস্তাবাজার দিয়ে শুরু হবে এই প্রকল্প।
আগামী দিনে শহরের বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ ঘন জনবসতিপূর্ণ এলাকায় গিয়ে টিকাকরণ হবে। পথচলতি মানুষ যে কেউ বাসে উঠে নাম লিখিয়ে টিকা নিতে পারবেন। এছাড়া নতুন একটি কবরস্থান এবং শ্মশান তৈরি করছে কলকাতা পুরসভা।
ধাপার পাশে বাসন্তী হাইওয়ের পার্শ্ববর্তী অঞ্চলে হবে কবরস্থান। পাশাপাশি, ৮০ নম্বর ওয়ার্ডের ভাটচালাতে একটি পুরনো শ্মশান রয়েছে। সেখানে সংস্কার করে আধুনিক বৈদ্যুতিক চুল্লি চালিত শ্মশান গড়ে তোলা হচ্ছে।
