বিতর্কে ইতি টেনে অবসর নিলেন আলাপন, নতুন মুখ্য ও স্বরাষ্ট্র সচিবের নাম ঘোষণা

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কেন্দ্রের কাছে মাথা নত করা নয়। শেষ পর্যন্ত নিজের শর্তে অটল থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার বিকেলে আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে দিল্লি। যার পরিপ্রেক্ষিতে আগুনে ঘি পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আলাপনের অবসরের পরেও আমরা তাঁর সাহায্য নেবো।

আমি তাঁকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করছি। কাল থেকেই তিনি তাঁর কাজ শুরু করবেন।রাজ্য সরকারের বিভিন্ন নীতি তৈরির ক্ষেত্রে তিনি আমাদের সাহায্য করবেন। পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন হরে কৃষ্ণ দ্বিবেদী। পরবর্তী স্বরাষ্ট্র সচিব হচ্ছেন বি পি গোপালিকা। মমতা বলেন, আমি ইচ্ছা করলেই আলাপনকে জোর করে রেখে দিতে পারতাম। মুখ্যসচিব হিসাবে আগামী তিনমাস কাজ করত। ওরা কিছুই করতে পারতো না।

কিন্তু আলাপন যখন নিজে থেকেই অবসর নেওয়ার কথা জানায়, তখন আমি সেটা মেনে নি‌ই। নবান্ন সূত্রে খবর, কিছুক্ষন আগে আমাদের কাছে চিঠি আসে (ক্যাডার আইন উল্লেখ করে) আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে যোগ দিতেই হবে। শোনা যাচ্ছে, এই চিঠিতে কোথাও লেখা নেই যে কি কারণে তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। বলা হচ্ছে, ঘূর্ণিঝড় নিয়ে প্রধানমন্ত্রী বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ না দেওয়াকে কেন্দ্র করে এই জটিলতা তৈরি হয়েছে।

যার পরিপ্রেক্ষিতে এদিন মমতা বলেন, প্রধানমন্ত্রীর বৈঠকের আগে কিন্তু আমাকে বলা হয়নি যে তাঁর সঙ্গে দূর্গত এলাকা পরিদর্শনের জন্য। শুধু দেখা করার কথা বলা হয়েছিল। সেই মতো আমি ও রাজ্যের মুখ্যসচিব আলাপন তাঁর সঙ্গে দেখা করি। মমতা পাল্টা প্রশ্ন তুলেছেন, আপনারা একক ভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেন কি? এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সারা দেশে কখনও এমন ঘটনা ঘটেনি। দেশের অন্যতম প্রথম সারির একজন আমলার সাথে এইসব করা যায় কি ?

রুল বুকের ৬(১) ধারা উল্লেখ করে তাঁকে তলব করা হলো। রাজ্যের সাথে কোনো আলোচনাই করা হলো না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর এই কাজ তো প্রতিহিংসা পরায়ন বলেই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর থেকেই প্রতি হিংসা চলছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা ভোটের পরেও বলেছিলেন শুধু হিংসা হচ্ছে রাজ্যে। আমি তো তেমন কোনো হিংসা দেখিনি। তা সত্বেও আপনারা বিভিন্ন এজেন্সিকে রাজ্যে পাঠিয়েছেন। রাজ্য সরকারকে বুলডোজ করতে চাইছে। এটা মেনে নেওয়া যায় না। সারা দেশের আমলারা এর প্রতিবাদ করবে।

আরও পড়ুন